সিএমএসএমই খাতে ৩ কোটি ৬০ লাখ মানুষের কর্মসংস্থান: শিল্পমন্ত্রী

প্রতিবেদন:

·

,

দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি (সিএমএসএমই) শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতে প্রায় ৩ কোটি ৬০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান প্রায় ৩০ শতাংশ। শনিবার (২১ নভেম্বর) শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শিল্পমন্ত্রী বলেন, সর্বশেষ সমীক্ষা অনুযায়ী, দেশে প্রায় ১ কোটি ১৭ লাখ সিএমএসএমই প্রতিষ্ঠান রয়েছে, যা মোট নিবন্ধিত প্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশ। শিল্প খাতের মোট জনবলের প্রায় ৮৫ শতাংশ এ খাতে কর্মরত। এ খাতের উদ্যোক্তাদের প্রায় ৭০ শতাংশ ঢাকার বাইরে এবং ৬৫ শতাংশ নারী।

তিনি জানান, সিএমএসএমই খাতের বিকাশ, নতুন উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে আগামীকাল রোববার (২২ নভেম্বর) রাজধানীতে শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬।

আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাত দিনব্যাপী এ মেলা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার উদ্বোধন করবেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এবারের মেলায় সারা দেশ থেকে ৪৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। এসব প্রতিষ্ঠানের প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তা পরিচালিত।

পাদুকা, চামড়াজাত ও পাটজাত পণ্য, হস্তশিল্প, ফ্যাশন ডিজাইন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ভেষজ পণ্য, গহনা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের উদ্যোক্তারা মেলায় পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন। এ ছাড়া সরকারের অগ্রাধিকারমূলক ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগের আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলোও অংশ নেবে।

শিল্পমন্ত্রী বলেন, মেলায় শুধু দেশীয় উৎপাদনকারী ও সেবামূলক ক্ষুদ্র, মাইক্রো ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা অংশ নেওয়ার সুযোগ পাবেন। বিদেশি বা আমদানিকৃত পণ্য প্রদর্শন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। দর্শনার্থীদের মেলায় প্রবেশে কোনো ফি লাগবে না। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।

তিনি আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৩ সালে প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন করেন। ওই টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে ২০০৫ সালে জাতীয় এসএমই নীতিকৌশল প্রণয়ন করা হয়। পরে ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় এসএমই ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে কাজ করছে।

শিল্পমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ পর্যন্ত প্রায় ২৫ লাখ উদ্যোক্তা সুবিধা পেয়েছেন। তাঁদের মধ্যে ৬০ শতাংশ নারী।

মেলায় সাতটি বিভাগ ও একটি বিশেষ বিভাগে মোট নয়জন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ দেওয়া হবে। পুরস্কারের বিভাগগুলোর মধ্যে রয়েছে বর্ষসেরা মাঝারি, ক্ষুদ্র ও মাইক্রো উদ্যোক্তা (নারী ও পুরুষ), বর্ষসেরা স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।

সাত দিনের এ আয়োজনে তিনটি সেমিনার ও একটি সংলাপ অনুষ্ঠিত হবে। এতে তরুণ উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান, সহজ অর্থায়ন, জলবায়ু সহনশীল ঋণ ও বিমা ব্যবস্থা এবং এসএমই পণ্যের বাজার সুরক্ষা ও সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে।

শিল্পমন্ত্রী জানান, এর আগে অনুষ্ঠিত ১২টি জাতীয় এসএমই পণ্যমেলায় প্রায় ৪ হাজার উদ্যোক্তা অংশ নিয়েছেন। এসব মেলায় প্রায় ৭২ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। পাশাপাশি প্রায় ১০৯ কোটি টাকার পণ্য বিক্রির ক্রয়াদেশ পাওয়া গেছে।

এ ছাড়া এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ৯৪টি আঞ্চলিক ও বিভাগীয় মেলায় প্রায় পাঁচ হাজার ১০০ উদ্যোক্তা অংশ নিয়েছেন। উদ্যোক্তাদের উৎসাহিত করতে এ পর্যন্ত ৭২ জনকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৩৭ জন নারী, ৩৩ জন পুরুষ এবং দুজন তৃতীয় লিঙ্গের উদ্যোক্তা রয়েছেন।

সংবাদ সম্মেলনে শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদুন নাসের খান, এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তারা, শিল্প উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Read this report in English · ইংরেজি সংস্করণ