হরমুজে নিয়ন্ত্রণে আরো কঠোর হচ্ছে ইরান

প্রতিবেদন:

·

, ,

হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ ও নজরদারি আরও জোরদার করার পথে এগোচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান নৌ অবরোধ ও চাপের জবাবে কৌশলগত এই জলপথকে ওয়াশিংটনের বিরুদ্ধে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তেহরান।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালিতে আরো একটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়েছে। গতকাল থেকে এ পর্যন্ত নৌমাইনে আঘাত পাওয়া ট্যাংকারের সংখ্যা দাঁড়িয়েছে চারটিতে।

তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক রানিয়া কাসিমি জানান, হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ আরো কঠোর করার একটি সিদ্ধান্তের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্র ইরানের ওপর চাপ বাড়ানোর পাশাপাশি নৌ অবরোধ আরও জোরদার করছে, নতুন বিধিনিষেধ আরোপ করছে এবং দেশটির ওপর পূর্ণাঙ্গ স্থল ও আকাশ অবরোধ প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। এর পাল্টা পদক্ষেপ হিসেবেই হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ বাড়াতে চাইছে ইরান।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেবি বলেছেন, ইরানের সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে না। এসব শর্ত পূরণ হলেই কেবল পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে পারে তেহরান।

তিনি আরো বলেন, পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনা হবে না, যতক্ষণ না পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) আওতায় ইরানের ২২টি অধিকার বাস্তবায়িত হচ্ছে। এসব অধিকারের বেশির ভাগই কারিগরি ও প্রযুক্তিগত বিষয়সংশ্লিষ্ট।

ইরানের অবস্থানে আরো একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন মোহেবি। তাঁর বক্তব্য অনুযায়ী, দেশটির নীতিনির্ধারণী পর্যায়ে এখন এমন একটি সিদ্ধান্তের ইঙ্গিত রয়েছে যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন অনিশ্চিত পরিস্থিতির অবসান ঘটাতে হবে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে ক্ষয়িষ্ণু যুদ্ধ বা দীর্ঘমেয়াদি চাপের কৌশল চালাচ্ছে, সেটিও বন্ধ করতে চায় তেহরান।

সব মিলিয়ে হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আরো কঠোর করা এবং পারমাণবিক আলোচনার আগে নিজেদের শর্ত পূরণের দাবি—দুই পথেই যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়ানোর কৌশল নিচ্ছে ইরান।