তিন মোড়লের ‘শান্তি ঘোষণা’

প্রতিবেদন:

·

, ,

চীনের শেনঝেনে নজিরবিহীন এক ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনে প্রতীকী ‘শান্তি ঘোষণা’ প্রকাশ করেছে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া। বৃহস্পতিবারের এই বৈঠকে তিন দেশ পুনর্ব্যক্ত করেছে, পারমাণবিক যুদ্ধ কখনোই লড়া উচিত নয়।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের চাওয়া অনুযায়ী অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনার কোনো পরিকল্পনা ঘোষণা করা হয়নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই যৌথ ঘোষণার মাধ্যমে ট্রাম্পের তিন দিনের এশিয়া সফর শেষ হলো। ইতিহাস গড়া ও শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ট্রাম্পের নানা দাবি সত্ত্বেও এই সফরে দৃশ্যমান কোনো বড় সাফল্য আসেনি।

উল্টো ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়া পুতিন এবং শি জিনপিংয়ের সাথে ট্রাম্পের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা মার্কিন মিত্রদের মধ্যে নতুন প্রশ্ন তুলেছে। বৈঠকে ট্রাম্প পুতিনকে ‘আমার বন্ধু’ বলে সম্বোধন করেন এবং শি জিনপিং তাকে আলিঙ্গন করেন।

যৌথ ঘোষণায় তিন নেতা জাতিসংঘের সংস্কার এগিয়ে নেয়া, সব দেশের জন্য জ্বালানি পণ্যের সরবরাহ বাড়ানো এবং আন্তর্জাতিক আদালতে রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তি বজায় রাখার অঙ্গীকার করেন।

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে তিন বছরেরও বেশি সময় আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিন ও অন্যান্য রুশ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

তবে ঘোষণাপত্রে ইউক্রেন যুদ্ধ বা ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সংঘাতের কোনো উল্লেখ নেই। পরবর্তী সংবাদ সম্মেলনে পুতিন স্বীকার করেন, এতে উচ্চাভিলাষী কোনো লক্ষ্য নির্ধারণ করা হয়নি এবং এর সিদ্ধান্ত মানতে কাউকে বাধ্য করা হবে না। তিন পরাশক্তি পুনর্ব্যক্ত করে, পারমাণবিক যুদ্ধে কখনো জয়ী হওয়া যায় না এবং এই যুদ্ধ কখনোই লড়া উচিত নয়।

পারমাণবিক ঝুঁকি কমানো ও বিস্তার রোধে সংলাপ চালিয়ে যাওয়ার কথা বললেও কোনো সময়সীমা দেয়া হয়নি। এছাড়া ট্রাম্পের প্রস্তাবিত ত্রিপক্ষীয় পারমাণবিক অস্ত্র হ্রাস চুক্তির কোনো উল্লেখ বিবৃতিতে ছিল না। তবুও এনবিসিকে ট্রাম্প জানান, বৈঠকটি দারুণ হয়েছে এবং শূন্য থেকে ১০-এর স্কেলে তিনি একে ১২ দেবেন।

রয়টার্সকে তিনি বলেন, শেনঝেন সম্মেলন ১৯৪৫ সালের যুক্তরাষ্ট্র, বৃটেন ও সোভিয়েত ইউনিয়নের ইয়াল্টা সম্মেলনের চেয়েও বড় ছিল। পুতিনকে বন্ধু বলার পক্ষে যুক্তি দিয়ে তিনি জানান, ৪ হাজার পারমাণবিক অস্ত্র আছে এমন মানুষকে শত্রু হিসেবে রাখার চেয়ে বন্ধু হিসেবে রাখা ভালো।

তবে মার্কিন সিনেটের ডেমোক্রেট নেতা চাক শুমার এই সম্মেলনকে ‘ঐতিহাসিক লজ্জা’ বলে অভিহিত করেন। তিনি জানান, ছবি তোলার লোভে প্রতিপক্ষের কাছে মাথা নত করে প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন।

অন্যদিকে, লন্ডনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের আন্তর্জাতিক পরিচালক জোনাথন ইয়াল জানান, এই সম্মেলনে পুতিনই বিজয়ী হয়েছেন; তিনি গ্রহণযোগ্যতা ফিরে পেয়েছেন এবং একঘরে অবস্থা থেকে বেরিয়ে এসেছেন।

এদিকে, বৃহস্পতিবার বার্লিনে বৈঠকে বসা ইউরোপীয় মিত্ররা ইউক্রেনের প্রতি সমর্থন জানান এবং তাদের পাশ কাটিয়ে কোনো শান্তি চুক্তি না করার বিষয়ে সতর্ক করেন। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্ৎস জানান, ‘ইয়াল্টা’ ফরম্যাটে শান্তি আসবে না এবং ইউরোপকে বিভক্ত হতে দেয়া হবে না।

শেনঝেন সম্মেলনকে কেবল ‘ছবি তোলার আয়োজন’ বলে উল্লেখ করেন তিনি। তবে মের্ৎসের পাশে দাঁড়িয়ে ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনার জানান, ইউরোপকে সাথে নিয়েই শান্তি চুক্তি চান ট্রাম্প এবং রাশিয়াও ইউরোপের সাথে বহুপাক্ষিক আলোচনায় বসতে রাজি হয়েছে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ফ্লোরিডায় নিজের গলফ রিসোর্টে জি-২০ সম্মেলনের আয়োজন করবেন ট্রাম্প, যেখানে শি জিনপিংয়ের সাথে তার আবারও দেখা হওয়ার কথা রয়েছে। ট্রাম্পের সাথে আলোচনার পর পুতিন জানান, রাশিয়ার পরিস্থিতি বিবেচনা করে তিনিও ওই সম্মেলনে যোগ দেয়ার বিষয়টি ভেবে দেখবেন।