দেশের মানুষ যেনো সঠিকভাবে শিক্ষা পায়, সরকার সেই ব্যবস্থা করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের কলকারখানা গড়ে তোলা, উৎপাদন বাড়ানো এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি শিক্ষার উন্নয়নও তাদের রাজনীতির অন্যতম লক্ষ্য।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই আমাদের দেশের কল-কারখানা সঠিকভাবে গড়ে তুলতে, দেশের উৎপাদন বাড়াতে। আমরা চাই দেশের মানুষ যেনো সঠিকভাবে শিক্ষা পায়, সেই ব্যবস্থা করতে। আমরা চাই আমাদের নারীরা যেনো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে, সেই ব্যবস্থা।
তিনি আরও বলেন, সেই রাজনীতি করতে চাই আমরা। আমাদের রাজনীতি হবে তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা ব্যারেজ ও এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার।’
এ সময় রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে যেতে চায় না, গুম-খুনের রাজনীতিতে যেতে চায় না।
বিরোধী রাজনৈতিক পক্ষের সমালোচনা করে তিনি বলেন, যেখানে তারা পালিয়ে গেছে, সেটা হলো তাদের প্রভু। সেই প্রভুকে খুশি করার জন্য আবার এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।
লালমনিরহাটের মানুষের উদ্দেশে তিনি বলেন, আজ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আজ আপনাদেরকে আহ্বান জানিয়ে গেলাম। যেভাবে লালমনিরহাটের মানুষ বরাবর গণতন্ত্রের পক্ষে ছিল, সন্ত্রাসের বিরুদ্ধে ছিল, ইনশাআল্লাহ আগামী দিনেও লালমনিরহাটের মানুষ একইভাবে সন্ত্রাসের বিরুদ্ধে থাকবে, লালমনিরহাটের মানুষ গণতন্ত্রের পক্ষে থাকবে।
প্রধানমন্ত্রী বলেন, সমগ্র বাংলাদেশের গণতন্ত্রকামী প্রত্যেকটি দেশপ্রেমিক মানুষকে আমি বলব, আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই। সঠিকভাবে জবাব দিই, শক্তভাবে জবাব দিই, যাতে ভবিষ্যতে জনগণের ভাগ্য এবং বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে তারা ছিনিমিনি খেলতে না পারে, তাদের প্রভুদের নির্দেশ বাস্তবায়ন করতে না পারে। আমাদের রাজনীতি হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা, আমাদের রাজনীতি হবে পদ্মা ব্যারেজ বাস্তবায়ন করা, আমাদের রাজনীতি হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করা। সবাই মিলে আমরা সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে সমুচিত জবাব দেওয়ার জন্য নিজেদেরকে আবারও চব্বিশের মতো প্রস্তুত করি।
Read this report in English · ইংরেজি সংস্করণ
