ভালো ফুলকপি চিনবেন যেভাবে

প্রতিবেদন:

·

,

শীতকালে ফুলকপি খাওয়ার স্বাদই আলাদা। সুস্বাদু এই সবজি ভাজি, তরকারি কিংবা সিদ্ধ করে বিভিন্নভাবে খাওয়া যায়। তবে বাজার থেকে ফুলকপি কেনার সময় সতর্ক থাকা জরুরি। কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন তাজা দেখাতে সবজিতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করতে পারেন। এসব ফুলকপি দেখতে অস্বাভাবিক সাদা ও চকচকে হয়। তাই কেনার আগে কয়েকটি বিষয় খেয়াল রাখা প্রয়োজন।

১. ফুলকপি হাতে নিয়ে এর ফুলের অংশ আঙুল দিয়ে হালকাভাবে চাপ দিন। ফুলগুলো সহজেই ভেঙে গেলে সেটি ভালো মানের নয়। অন্যদিকে ফুলগুলো শক্ত ও দৃঢ় থাকলে কপিটি ভালো হওয়ার সম্ভাবনা বেশি।

২. ফুলকপির ওপরের অংশ হলদেটে হয়ে গেলে সেটি না কেনাই ভালো। সাধারণত ক্ষেত থেকে তোলার চার-পাঁচ দিন পার হলে ফুলকপিতে এ ধরনের পরিবর্তন দেখা দিতে পারে।

৩. ফুলকপির আকারের তুলনায় ওজন কিছুটা বেশি হলে সেটি বেছে নিতে পারেন। হালকা ওজনের ফুলকপির ভেতরের অংশ অনেক সময় ফাঁপা বা স্পঞ্জের মতো হয়ে থাকে।

৪. ভালো ফুলকপির পাতাগুলো উজ্জ্বল সবুজ ও সতেজ থাকে। পাতা হলুদ হয়ে গেলে, নেতিয়ে পড়লে কিংবা পাতায় ছিদ্র থাকলে বুঝতে হবে কপিটি টাটকা নয়।

৫. ফুলকপির ফুলগুলো যত ঘন ও সুনিবিড় হবে, ততই ভালো। ঘন ফুলের মধ্যে জলীয় বাষ্প জমার সুযোগ কম থাকায় ছত্রাকের সংক্রমণও তুলনামূলক কম হতে পারে।

ভেজাল চেনার উপায়

ফুলকপি দীর্ঘদিন সতেজ রাখা ও অতিরিক্ত সাদা দেখানোর জন্য ফর্মালিন বা ব্লিচিং স্প্রে ব্যবহারের অভিযোগ রয়েছে। তাই অস্বাভাবিক চকচকে সাদা ফুলকপি দেখলে সতর্ক হওয়া উচিত। আবার কপির গায়ে থাকা হলদেটে দাগ আড়াল করতে কখনো সোডিয়াম হাইপোক্লোরাইট ব্যবহার করা হতে পারে।

ফুলকপি পানিতে ভেজানোর পর এর রং অস্বাভাবিকভাবে চকচক করলে বা পানির রঙে পরিবর্তন দেখা দিলে সতর্ক হতে হবে। কেনার আগে কপির গন্ধও পরীক্ষা করে নিতে পারেন। ব্লিচিং পাউডার, রাসায়নিক বা ওষুধের মতো তীব্র গন্ধ পাওয়া গেলে সেটি না কেনাই ভালো।

রান্নার আগে যা করবেন

রান্নার আগে ফুলকপি কেটে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর পানি ঝরিয়ে পছন্দ অনুযায়ী ভেজে বা রান্না করে খেতে পারেন।

Read this report in English · ইংরেজি সংস্করণ