এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় থানা ভবনে আগুন ছড়িয়ে পড়লে পুলিশ সদস্যরা থানা থেকে সরে যান। এতে মুকসুদপুর থানার স্বাভাবিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মুকসুদপুর থানা ভবনে অগ্নিসংযোগ করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর দেড়টা) এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে, এদিন সকাল সাড়ে ১০টার দিকে কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পেট্রোল ঢেলে বাড়িটিতে আগুন ধরিয়ে দেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউনকে কেন্দ্র করে এমপির বাড়ি, থানা ভবন ও ব্যাংকে অগ্নিসংযোগের ঘটনায় গোপালগঞ্জজুড়ে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গোপালগঞ্জ শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। শহর ও অভ্যন্তরীণ সড়কগুলোতে যানবাহন চলাচলও প্রায় বন্ধ।
ভোর থেকে ঢাকা-খুলনা মহাসড়ক ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করা হয়েছে। এতে এসব মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া গত ১৭ নভেম্বর রাত থেকে টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।
জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে গতকাল বুধবার থেকে দৃশ্যমান কোনো নিরাপত্তা চৌকি দেখা যায়নি। তবে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।
এ বিষয়ে জানতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একাধিকবার কল দিলেও তাদের সাড়া পাওয়া যায়নি।
এর আগে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও আগুন দেন নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে থানার গুরুত্বপূর্ণ নথিপত্র ও বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। থানা ছেড়ে চলে যান পুলিশ সদস্যরা।
Read this report in English · ইংরেজি সংস্করণ
