গ্রিন কার্ডের নিয়ম আরো কঠোর করছে যুক্তরাষ্ট্র

প্রতিবেদন:

·

, ,

বিদেশী কর্মীদের নিয়োগদাতার স্পনসরশিপে গ্রিন কার্ড পাওয়ার নিয়মকানুন আরো কঠোর করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৬ নভেম্বর) দেশটির শ্রম বিভাগ এ প্রস্তাব করে। তাদের মতে, এটি আমেরিকান কর্মীদের সুরক্ষা জোরদার করবে।

শ্রম বিভাগের কর্মকর্তা কিথ সন্ডারলিং এক বিবৃতিতে বলেন, ‘আমেরিকান কর্মীরা বিশ্বের সেরা। তাই চাকরির প্রথম এবং সর্বোত্তম সুযোগগুলো তাদেরই প্রাপ্য। অথচ বিদ্যমান নিয়মগুলোর সুযোগ নিয়ে কোম্পানিগুলো আমেরিকান কর্মীদের কথা পুরোপুরি বিবেচনা না করেই বিদেশী কর্মীদের স্পনসর করার সুযোগ পাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘এই প্রস্তাবিত পরিবর্তনের ফলে উচ্চ দক্ষতাসম্পন্ন ও উচ্চ বেতনের চাকরির ক্ষেত্রে বিদেশী কর্মীদের পরিবর্তে আমেরিকান কর্মীরা অগ্রাধিকার পাবেন।’

শ্রম বিভাগ জানিয়েছে, প্রায় ২০ বছরের মধ্যে ‘পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন’ (স্থায়ী শ্রম সনদ) কর্মসূচিতে এটিই প্রথম ব্যাপক সংস্কার প্রস্তাব।

এই প্রস্তাব অনুযায়ী, নিয়োগদাতাদের চাকরির বিজ্ঞাপন ছাপানোর প্রথা বাদ দিয়ে অনলাইন নিয়োগ প্রক্রিয়ার আশ্রয় নিতে হবে। তাদের কমপক্ষে ৯০ দিন ধরে চাকরির বিজ্ঞাপন দিতে হবে এবং যোগ্য আমেরিকান কর্মীদের নিয়োগের জন্য তারা যে ‘আন্তরিক প্রচেষ্টা’ চালিয়েছে, তা প্রমাণ করতে হবে। এছাড়া কোনো নির্দিষ্ট বিদেশী কর্মীর উপযোগী করে চাকরির শর্ত তৈরি করার সুযোগও তাদের থাকবে না।

এই নিয়মের আওতায় একটি প্রশাসনিক ছাড়ও বাতিল করা হবে। এর আওতায় রয়েছেন ফিজিক্যাল থেরাপিস্ট, নার্স এবং বিজ্ঞান বা শিল্পকলায় অসাধারণ প্রতিভাসম্পন্ন ব্যক্তিরা।

শ্রম বিভাগ আরো জানিয়েছে, যেসব নিয়োগদাতা গত দুই বছরের মধ্যে আমেরিকান কর্মীদের ছাঁটাই করেছেন, তারা একই বা সমজাতীয় পদের জন্য নতুন করে সনদ পাওয়ার আবেদন করতে পারবেন না।

ফেডারেল রেজিস্টারে প্রস্তাবটি প্রকাশের পর এ বিষয়ে মতামত জানানোর জন্য ৬০ দিনের সময় দেয়া হবে।