২৬ বছর পর হাম নির্মূলের মর্যাদা হারাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রতিবেদন:

·

, ,

২৬ বছর পর আবারো হাম ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে। এক বছরের বেশি সময় ধরে দেশটিতে সংক্রমণ অব্যাহত থাকায় হাম নির্মূলের স্বীকৃতি হারাতে যাচ্ছে দেশটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক সংস্থা প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পিএএইচও) স্বাধীন বিশেষজ্ঞ কমিশন এ স্বীকৃতি প্রত্যাহারের পক্ষে ভোট দিয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানানোর কথা সংস্থাটির।

২০০০ সালে হাম নির্মূলের স্বীকৃতি পেয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ২০২৬ সালে এখন পর্যন্ত দেশটিতে ৫ হাজার ৪০০ জনের বেশি মানুষ হামে আক্রান্ত হয়েছেন। ২০২৫ সালের তুলনায় এ সংখ্যা দ্বিগুণেরও বেশি। ১৯৯১ সালের পর এক বছরে এত বেশি মানুষ হামে আক্রান্ত হননি। এ রোগে ১০ জনের মৃত্যুর কথাও জানিয়েছে বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য বিভাগ।

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক নোয়েল ব্রুয়ার বলেন, গত ১৮ মাসে দেশটিতে যত মানুষ হামে আক্রান্ত হয়েছেন, আগের ২৫ বছরে আক্রান্তের মোট সংখ্যা তত ছিল না।

গত সপ্তাহে ওয়াশিংটনে চার দিন ধরে বৈঠক করেন পিএএইচওর আট সদস্যের বিশেষজ্ঞ কমিশন। যুক্তরাষ্ট্রে টানা ১২ মাসের বেশি সময় হাম ছড়িয়েছে কি না, তা যাচাই করেন তারা। এ জন্য দেশের ভেতরে সংক্রমিত রোগীদের ভাইরাসের জিনগত নমুনা পরীক্ষা করা হয়। আন্তর্জাতিক ভ্রমণ থেকে আসা সংক্রমণ এ হিসাবের বাইরে রাখা হয়। বিভিন্ন অঙ্গরাজ্যের সংক্রমণের মধ্যে যোগসূত্রও খতিয়ে দেখেন বিশেষজ্ঞরা।

দেশটির টিকাদান কর্মসূচি ও রোগ শনাক্তের ব্যবস্থাও পর্যালোচনা করেন তারা। একই সাথে হাম মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রস্তুতি, পরিকল্পনা ও প্রয়োজনীয় সম্পদের বিষয়টিও বিবেচনায় নেয়া হয়।

যুক্তরাষ্ট্রে শিশুদের হাম প্রতিরোধী টিকা নেয়ার হারও কমছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কিন্ডারগার্টেনের ৯২ শতাংশ শিক্ষার্থী এ টিকা নিয়েছে। ২০১৯-২০ শিক্ষাবর্ষে এ হার ছিল ৯৫ শতাংশ। এ প্রবণতা বিশ্বের অন্যান্য দেশেও দেখা যাচ্ছে।