মুখস্থনির্ভর ও গতানুগতিক শিক্ষাপদ্ধতি থেকে বেরিয়ে এসে জ্ঞান ও প্রজ্ঞাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, প্রচলিত ধারায় আর শিক্ষাব্যবস্থা পরিচালনা করা যাবে না। এ জন্য প্রয়োজনীয় ও সঠিক পদক্ষেপ নিতে হবে।
সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর নির্ভরশীল না হয়ে জ্ঞান অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, শুধু তথ্য নয়, জ্ঞান থাকতে হবে। আর জ্ঞানের পাশাপাশি থাকতে হবে প্রজ্ঞা।
তিনি বলেন, আমাকে বুয়েটের ভিসি বলেছেন, ‘স্যার, আমরা তো যাচাই-বাছাই করে নিচ্ছি, কিন্তু ক্লাসরুমে দেখি অনেক ছেলে এত দুর্বল, বুঝতেই পারছে না। ’ আমি বললাম, কী পাওয়া গেল? তো পাওয়া গেল, ওরা মুখস্থ করে আসছে, পরে আর ক্যাচ আপ করতে পারছে না। মুখস্থতে আর চলবে না। জ্ঞান অর্জন করতে হবে এবং এই এআইকে বিচার করার মতো সক্ষমতা তোমাদের মধ্যে থাকতে হবে। এআই দিয়ে শুধু ঘন ঘন রিপোর্ট লিখলেই চলবে না। শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনার কথা জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে রোববারও গুগলের সঙ্গে বৈঠক হয়েছে। কীভাবে শ্রেণিকক্ষের কার্যক্রম পর্যবেক্ষণ করা যায় এবং আধুনিক পদ্ধতি ও এআই ব্যবহার করে শিক্ষার্থীদের শেখা ও শিক্ষকদের পাঠদান সহজ করা যায়, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর পরিবহনের জন্য ২০০ বাস দেওয়া এবং ভালো ফল করা মেধাবী শিক্ষার্থীদের নিজ হাতে ১ হাজার ৫০০ কম্পিউটার বিতরণের মতো উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি প্রতিনিয়ত শিক্ষার বিষয়ে খোঁজ রাখেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, এ বছর ১০৭ জন সেরা শিক্ষককে পুরস্কৃত করা হয়েছে। এরপর বিজ্ঞানীদেরও পুরস্কৃত করা হবে। সারা দেশে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Read this report in English · ইংরেজি সংস্করণ
