লটারির মাধ্যমে ওমরাহ পালন ইসলাম কি বলে?

প্রতিবেদন:

·

পবিত্র ওমরাহ পালনের সুযোগ করে দিতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান লটারির আয়োজন করে থাকে। বিশেষ করে বিনা মূল্যে ওমরাহ পালনের সুযোগ দেওয়ার এমন উদ্যোগ অনেকের কাছে আকর্ষণীয়। তবে এ ধরনের লটারিতে অংশ নেওয়া কিংবা লটারির মাধ্যমে কাউকে ওমরাহ পালনের সুযোগ দেওয়ার বিষয়টি শরিয়তের দৃষ্টিতে কতটুকু বৈধ, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে।

ইসলামী শরিয়তে লটারির মাধ্যমে কাউকে নির্বাচনের পদ্ধতি এবং অর্থের বিনিময়ে ভাগ্য নির্ধারণ করে পুরস্কার দেওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। সব ধরনের লটারি হারাম নয়। কোনো কোনো লটারি জুয়া বা কিমারের অন্তর্ভুক্ত, আবার কোনোটি কেবল নির্বাচনের পদ্ধতি, যা ফিকহের পরিভাষায় ‘কুরআহ’ নামে পরিচিত। লটারির পদ্ধতি ও অর্থের উৎস বিবেচনায় এর বিধান ভিন্ন হয়ে থাকে।

হারাম লটারি

যদি অংশগ্রহণকারীদের কাছ থেকে টাকা নিয়ে তা জমা করে বিজয়ীকে ওমরাহ করানো হয়, তাহলে তা জুয়া হওয়ার কারণে হারাম। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক তীরসমূহ অপবিত্র, শয়তানের কাজ। অতএব, তোমরা এগুলো বর্জন করো।’ (সুরা আল-মায়িদা: ৯০)

এভাবে সংগৃহীত অর্থ দিয়ে বিজয়ী ওমরাহ করলে অন্য অংশগ্রহণকারীদের অর্থ তার জন্য বৈধ হবে না, বরং প্রকৃত মালিকদের ফেরত দিতে হবে।

জায়েজ লটারি

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজস্ব অর্থে বিনামূল্যে লটারির আয়োজন করে কাউকে ওমরাহ করানোর সুযোগ দিলে তা জায়েজ। কারণ, এটি জুয়া নয়; বরং উপহার প্রদানের একটি পদ্ধতি। তবে অর্থের মালিকানা ও ব্যবহারের শর্ত শরিয়তসম্মত হতে হবে।

উম্মুল মুমিনীন হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) যখন কোনো সফরে যাওয়ার ইচ্ছা করতেন, তখন তিনি তাঁর স্ত্রীদের মধ্যে কুরআহ করতেন। তাঁদের মধ্যে যার নাম উঠত, তাঁকে সঙ্গে নিয়ে সফরে যেতেন। (সহিহ বোখারি: ২৫৯৩)

এ হাদিস থেকে প্রমাণিত হয়, সমান অধিকারী বা উপযুক্ত ব্যক্তিদের মধ্য থেকে কাউকে নির্বাচনের জন্য কুরআহ বা ড্র পদ্ধতি অবলম্বন করা বৈধ।

Read this report in English · ইংরেজি সংস্করণ