আবু সাঈদকে দেখা গেল ফ্রান্সে !

প্রতিবেদন:

·

, ,

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশের গুলির সামনে দুই হাত প্রসারিত করে অকুতোভয় প্রতিরোধের যে অনন্য প্রতীক হয়ে উঠেছিলেন শহীদ আবু সাঈদ, সীমানা পেরিয়ে সেই দেহভঙ্গি এবার দেখা গেছে সুদূর ফ্রান্সে। ইউরোপের রাজপথে ফরাসি আন্দোলনকারীদের একইভাবে দুই হাত মেলে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়ানোর দৃশ্য বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি ফ্রান্সে চলমান বিক্ষোভে আন্দোলনরত তরুণদের দেশটির রায়ট পুলিশের জলকামান, টিয়ারশেল ও ঢাল-বন্দুকের মুখোমুখি হয়ে দুই হাত দুপাশে মেলে ধরে দাঁড়াতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, সশস্ত্র পুলিশ বাহিনীর সামনে একজন বিক্ষোভকারী নির্ভীকভাবে দুই হাত প্রসারিত করে এগিয়ে যাচ্ছেন। মুহূর্তের মধ্যেই তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আরো বিক্ষোভকারী একই ভঙ্গিতে বুক পেতে দেন এবং স্লোগানে চারপাশ প্রকম্পিত করে তোলেন।

নেটিজেনরা বলছেন, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদ যেভাবে স্বৈরশাসনের বুলেটের মুখে বুক পেতে দিয়েছিলেন, সেই ‘ওপেন-আর্মস’ বা উন্মুক্ত প্রসারিত হাতের ভঙ্গিটি এখন বিশ্বজুড়ে রাষ্ট্রযন্ত্রের দমন-পীড়নের বিরুদ্ধে সর্বজনীন সাহসিকতার ভাষায় পরিণত হয়েছে।

রংপুরের রাজপথ থেকে শুরু হওয়া এক তরুণের আত্মদান কীভাবে বৈশ্বিক ভূরাজনীতি ও জনতার দ্রোহের প্রতীক হয়ে উঠল, ফরাসি বিক্ষোভের এই দৃশ্যপট সেটাই প্রমাণ করছে। বিশ্লেষকদের মতে, আবু সাঈদ এখন কেবল বাংলাদেশের কোনো নির্দিষ্ট ভূখণ্ডের নাম নন; বরং সীমান্ত, ভাষা ও সংস্কৃতির গণ্ডি ছাড়িয়ে তিনি বিশ্বের যে কোনো প্রান্তের অধিকারকামী মানুষের অন্যায়ের বিরুদ্ধে বুক টানটান করে দাঁড়ানোর অমর অনুপ্রেরণা।

Read this report in English · ইংরেজি সংস্করণ