এই লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, জনগণের সমস্যা সমাধানের আন্দোলন

Written by

in

আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে হাতিরঝিল অঞ্চল কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ বাস্তবায়নে সাংগঠনিক প্রস্তুতি, অংশগ্রহণ এবং কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, “ডাক্তার শফিকুর রহমান ও ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দের নেতৃত্বে এই লংমার্চ রংপুর পর্যন্ত যাবে, ইনশাআল্লাহ।”

তিনি বলেন, “এই সরকার আজ দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বের মাধ্যমে গোটা দেশকে আবার বিগত দিনের সেই ফ্যাসিবাদী রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে। এর কবল থেকে জাতিকে মুক্ত করতে আমাদের এই আন্দোলন। আমাদের এই আন্দোলন সরকার পতনের কোনো আন্দোলন নয়। জনগণের সমস্যা সরকার যেন সমাধান করে, সেই জন্যই আমাদের এই লংমার্চ।”

ড. রেজাউল করিম আরও বলেন, “দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, এই সরকার জনগণের গণরায়কে শুধু প্রত্যাখ্যানই করছে না, বরং একের পর এক জনবিরোধী কর্মসূচি গ্রহণ করছে।”

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, “আমরা লক্ষ্য করছি, সরকার যখন দ্রব্যমূল্যসহ নিত্যদিনের জনগণের সমস্যাগুলো সমাধানের দিকে না গিয়ে বিভিন্ন ইস্যু তৈরি করে জনগণের মনোযোগ অন্যদিকে সরিয়ে নিতে চাচ্ছে।”

তিনি আরও বলেন, “যারা বলেছিল মদিনা সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা করবে, তারা ছয় মাসের মধ্যেই কুরআন-সুন্নাহবিরোধী আইন করে ফেলেছে।”

আগামী ১৯ সেপ্টেম্বরের কর্মসূচিতে সর্বস্তরের সাধারণ মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ড. রেজাউল করিম বলেন, “আসুন, আগামী ১৯ তারিখ মানিক মিয়া এভিনিউ থেকে রংপুরের শান্তিপূর্ণ এই লংমার্চে সবাই অংশগ্রহণ করি। আমরা আশা করি, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সহযোগিতা করবে।”

প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জামাল উদ্দিন, আতাউর রহমান সরকারসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় নেতারা আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ শান্তিপূর্ণভাবে সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।