জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরাইলের

Written by

in

অধিকৃত পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট ৩০ দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে ইসরাইল। বুধবার দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ৩০ দিনের সময়সীমা পার হলে সেখানে কর্মরত ব্রিটিশ কূটনীতিকদের স্বীকৃতি (অ্যাক্রেডিটেশন) বাতিল করা হবে।

অধিকৃত পশ্চিম তীরের ইসরাইলি বসতিগুলো থেকে পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা এবং বসতি সম্প্রসারণের সঙ্গে জড়িত কোম্পানি ও ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়ার পরপরই এই পদক্ষেপ নেওয়া হলো। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড নিষেধাজ্ঞা আরোপের এ ঘোষণা দেন।

মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে দেওয়া বক্তব্যে মিলিব্যান্ড বলেন, অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইসরাইলি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করবে যুক্তরাজ্য। বসতি সম্প্রসারণে সহায়তাকারী কোম্পানি ও ব্যক্তিদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এ ছাড়া ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় সমর্থন বা উসকানি দেওয়ার অভিযোগে উগ্রপন্থি ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধেও অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

তিনি আরো জানান, ইসরাইলি দখলদারিত্বকে সরাসরি সহায়তা করে এমন অস্ত্র রপ্তানির নতুন লাইসেন্স দেবে না যুক্তরাজ্য। একই সঙ্গে বর্তমানে স্থগিত থাকা ৩০টি অস্ত্র রপ্তানি লাইসেন্সের স্থগিতাদেশও বহাল থাকবে।

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি ‘বসতি স্থাপনকারী সন্ত্রাসীদের’ মাধ্যমে ফিলিস্তিনিদের জাতিগত নিধন চলছে বলেও মন্তব্য করেন মিলিব্যান্ড।

Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।