দিল্লির বিমানবন্দরে ঢুকল পানি, থমকে গেছে বিমান চলাচল

Written by

in

হঠাৎ নামা মুষলধারে বৃষ্টিতে একদম নাজেহাল অবস্থা ভারতের রাজধানী দিল্লির। বৃষ্টির পানি এতটাই বেশি যে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের গেটের সামনে জমে গেছে থইথই পানি। বাধ্য হয়ে যাত্রীরা প্যান্ট গুটিয়ে আর ট্রলি ঠেলে ঠেলে কোনোমতে বিমানবন্দরে ঢোকার চেষ্টা করছেন।

বৃষ্টির দাপটে চরম বিপাকে পড়েছে বিমান চলাচলও। রানওয়েতে পানি জমে যাওয়া আর চারপাশ ঝাপসা হয়ে আসায় দিল্লিতে নামতে আসা ১১টি বিমানকে অন্য শহরে পাঠিয়ে দেওয়া হয়। এর মধ্যে ৫টি বিমান জয়পুরে, ৪টি লখনউতে এবং বাকি দুটি আহমেদাবাদ ও চণ্ডীগড়ে গিয়ে নামতে বাধ্য হয়।

বিমানবন্দরে আটকে পড়া এক যাত্রী আক্ষেপ করে বলেন, জীবনেও কোনো বিমানবন্দরে এত পানি জমতে দেখিনি! আধা ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি, পানি একটু কমলেই গেটের দিকে যাব।

শুধু বিমানবন্দরই নয়, দিল্লির বেশ কিছু নিচু রাস্তা ও ফ্লাইওভারের নিচেও পানি জমে গাড়ি চলাচল একদম থমকে গেছে। আবহাওয়া দপ্তর থেকে সবাইকে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে। কোনো কাজে বাইরে বের হলে রাস্তার খবর নিয়ে বের হতে এবং ঝড়ের সময় বিদ্যুতের খুঁটির কাছ থেকে দূরে থাকতে বলা হয়েছে। আজ সারাদিনই শহর জুড়ে হালকা থেকে ভারী বৃষ্টি আর ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।