সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

Written by

in

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের মধ্যেই সৌদি আরবের কাছে সম্ভাব্য ৫ বিলিয়ন ডলারের বোমা, গাইডেন্স কিট ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে ওয়াশিংটন। শনিবার (৫ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপি’র অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এনিয়ে শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, প্রস্তাবিত এই অস্ত্র বিক্রির উদ্দেশ্য সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা সক্ষমতা জোরদার করা। একই সঙ্গে বর্তমান ও ভবিষ্যৎ আঞ্চলিক হুমকি মোকাবিলায় দেশটির সক্ষমতা বাড়ানো এবং মার্কিন বাহিনী ও উপসাগরীয় অন্যান্য অংশীদারের সঙ্গে সমন্বয় উন্নত করাও এর লক্ষ্য।


এ ছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, এই প্যাকেজ সৌদি আরবের নিরাপত্তা জোরদারের মাধ্যমে ওয়াশিংটনের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য বাস্তবায়নেও সহায়তা করবে। দপ্তরটি সৌদি আরবকে ন্যাটোর সদস্য নয় এমন গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে উল্লেখ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত অস্ত্র প্যাকেজে হাজার হাজার গাইডেন্স কিট ও বোমার পাশাপাশি ফিউজ, টার্গেট ডিটেক্টর, বিভিন্ন ধরনের কনটেইনার, সহায়ক সরঞ্জাম, খুচরা যন্ত্রাংশ এবং কারিগরি সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে।


মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রস্তাবিত অস্ত্র বিক্রির বিষয়ে কংগ্রেসকে অবহিত করেছে। তবে চূড়ান্তভাবে অস্ত্র বিক্রি সম্পন্ন করতে মার্কিন আইনপ্রণেতাদের অনুমোদন প্রয়োজন হবে।
অর্থাৎ, শুক্রবারের এই অনুমোদন কোনো সম্পন্ন অস্ত্র চুক্তি নয়; বরং সৌদি আরবের কাছে সম্ভাব্য অস্ত্র হস্তান্তরের প্রক্রিয়ার একটি ধাপ।

চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকে ইরানি বাহিনী এবং তেহরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে সৌদি আরব।

Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।