আইআইটি মাদ্রাজের ডিরেক্টর অধ্যাপক ভি. কামাকোটিকে পরোক্ষভাবে ‘গোমূত্র বিশেষজ্ঞ’ বলে মন্তব্য করায় বিপাকে পড়েছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী ভদরা। তার এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সাবেক উপাচার্য ও শিক্ষাবিদেরা। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় ইতিমধ্যে ২১৫ জন শিক্ষাবিদ স্বাক্ষরিত একটি খোলা চিঠিতে প্রিয়াঙ্কার মন্তব্যের নিন্দা জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, আপনি অধ্যাপক ভি. কামাকোটিকে ‘গোমূত্র বিশেষজ্ঞ’ বলে যে মন্তব্য করেছেন বলে জানা গেছে, তাতে আমরা গভীর হতাশা প্রকাশ করছি। এটি ব্যঙ্গাত্মক বা রাজনৈতিক বক্তব্য যাই হোক না কেন, এ ধরনের মন্তব্য একজন ব্যক্তির সীমা ছাড়িয়ে আরও বড় উদ্বেগের জন্ম দেয়।
ওই চিঠিতে আরও বলা হয়, কোনো শিক্ষাবিদের মতামতকে তথ্য-প্রমাণ দিয়ে খণ্ডন না করে তাকে একটি অবমাননাকর তকমা দেয়া সংবিধানে বর্ণিত বিজ্ঞানমনস্কতার চেতনাকেই দুর্বল করে।
শিক্ষাবিদদের ভাষ্য, বিজ্ঞানী, গবেষক ও শিক্ষকদের এমন পরিবেশ প্রয়োজন, যেখানে তারা জনপরিসরে মত প্রকাশ করতে পারবেন, কিন্তু অবজ্ঞাসূচক উপাধির শিকার হবেন না।
চিঠিতে অধ্যাপক ভি. কামাকোটির একাডেমিক ও গবেষণা অবদানের কথাও তুলে ধরা হয়েছে। তাতে উল্লেখ করা হয়, তিনি ভারতের অন্যতম শীর্ষ বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠান আইআইটি মাদ্রাজের পরিচালক। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে আইআইটি মাদ্রাজ থেকেই এমএস ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
তার প্রকাশিত গবেষণাপত্রের সংখ্যা ১৫০টিরও বেশি এবং তিনি ৫০টির বেশি গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) প্রকল্পে যুক্ত ছিলেন।
এ ছাড়া তিনি ডিআরডিও একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড এবং ইন্ডিয়ান ইলেকট্রনিক্স অ্যান্ড সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন টেকনো ভিশনারি অ্যাওয়ার্ডসহ একাধিক সম্মাননা পেয়েছেন। ভারতের প্রথম শিল্পমানের মাইক্রোপ্রসেসর তৈরির উদ্যোগেও তিনি নেতৃত্ব দিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।
দেশটির শিক্ষাবিদদের ভাষায়, নিঃসন্দেহে তিনি দেশের অন্যতম সেরা প্রযুক্তিবিদ। চিঠিতে আরও বলা হয়, ইতিহাসে বহু ধারণা প্রথমে অবাস্তব বলে মনে হলেও পরে বৈজ্ঞানিকভাবে সত্য প্রমাণিত হয়েছে। আবার একসময় বহুল স্বীকৃত অনেক বিশ্বাসও পরবর্তীতে ভুল বলে প্রমাণিত হয়েছে।
তারা লিখেছেন, কোনো গবেষকের বক্তব্যের সমালোচনা করুন, তার উপস্থাপিত প্রমাণকে চ্যালেঞ্জ করুন, আরও কঠোর প্রমাণ দাবি করুন- কিন্তু গবেষণা ও শিক্ষাবিদ্যার মর্যাদাকে খাটো করবেন না।
গত মঙ্গলবার লোকসভায় ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’-এর ওপর আলোচনায় বক্তব্য দেয়ার সময় প্রিয়াঙ্কা গান্ধী ওই মন্তব্য করেন।
যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি, তবে তার বক্তব্য আইআইটি মাদ্রাজের পরিচালক অধ্যাপক ভি. কামাকোটিকে লক্ষ্য করেই করা হয়েছে বলে ব্যাপকভাবে মনে করা হচ্ছে।
অধ্যাপক কামাকোটি সম্প্রতি দেশটির পরীক্ষা সংস্কারবিষয়ক নতুন টাস্কফোর্সের সদস্য হিসেবে দায়িত্ব পান।
Read this report in English · ইংরেজি সংস্করণ
