মধ্যপ্রাচ্যে ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ওই অঞ্চলে ভ্রমণের বিষয়ে মার্কিন নাগরিকদের নতুন করে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দেয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং যেকোনো সময় তা আরও জটিল হয়ে উঠতে পারে। এ কারণে প্রয়োজন ছাড়া ওই অঞ্চলে ভ্রমণ বা মধ্যপ্রাচ্য হয়ে যাতায়াতের সিদ্ধান্ত পুনরায় মূল্যায়নের আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, যারা ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থান করছেন, তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি স্থানীয় পরিস্থিতি সম্পর্কে নিয়মিত নির্ভরযোগ্য সংবাদ অনুসরণ করতে হবে।
একই সঙ্গে মধ্যপ্রাচ্য হয়ে যাতায়াতের পরিকল্পনা থাকা যাত্রীদের নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ সময়সূচি ও পরিচালনাগত অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন নির্দেশনা জারি হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
Read this report in English · ইংরেজি সংস্করণ
