ক্রীড়া ডেস্ক:
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোতে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। ম্যাচের একমাত্র গোলটি করেন দলের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। তবে ম্যাচের পর মাঠের লড়াই ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে প্যারাগুয়ের এক সিনেটরের বর্ণবাদী মন্তব্য এবং তার জবাবে এমবাপ্পের কঠোর প্রতিক্রিয়া।
স্পেনের বিপক্ষে প্যারাগুয়ের বিদায়ের পর দেশটির সিনেটর সেলেস্তে আমারিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এমবাপ্পেকে নিয়ে একাধিক বর্ণবাদী ও অবমাননাকর মন্তব্য করেন।
তিনি এমবাপ্পেকে ‘ক্যামেরুনীয় বংশোদ্ভূত, নিজেকে মরিয়া হয়ে ফরাসি হিসেবে পরিচয় দিতে চাওয়া ব্যক্তি’ বলে আখ্যা দেন। পাশাপাশি তাকে ‘বর্বর’ বলেও কটাক্ষ করেন এবং দাবি করেন, প্যারাগুয়ের খেলোয়াড়দের উচিত ছিল তাকে চড় মারা।
এমন মন্তব্যের জবাবে এমবাপ্পে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ভাষায় সিনেটরের সমালোচনা করেন।
তিনি লেখেন, ম্যাডাম সেলেস্তে আমারিয়া, আপনি একজন ঘৃণ্য নারী এবং আপনার পদে থাকার যোগ্য নন। আপনি প্যারাগুয়ের প্রতিনিধিত্ব করেন না। এই বিশ্বকাপে যে দেশ আবেগ, সম্মান ও লড়াইয়ের দৃষ্টান্ত স্থাপন করেছে, আপনি সেই দেশের ভাবমূর্তিই ক্ষুণ্ন করেছেন।
এমবাপ্পে আরও বলেন, আপনার দায়িত্বজ্ঞানহীনতা ও প্রকাশ্য বর্ণবাদ পুরো বিশ্বের নজর ঘুরিয়ে দিয়েছে প্যারাগুয়ের খেলোয়াড়দের ঐতিহাসিক অর্জন থেকে। পরিবর্তে এখন আলোচনায় একজন অযোগ্য রাজনীতিক, যিনি নিজের দেশের সবচেয়ে খারাপ চিত্রটি তুলে ধরেছেন।
সবশেষে তিনি স্পষ্ট ভাষায় বলেন, আপনার মতো মানুষদের ঘৃণা ও বর্ণবাদ ছড়িয়ে দেওয়ার স্বাধীনতা আমি কখনোই মেনে নেব না।
এদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) সিনেটর সেলেস্তে আমারিয়ার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
এক বিবৃতিতে এফএফএফ জানায়, এ ধরনের মন্তব্য জঘন্য, অগ্রহণযোগ্য এবং আইনত দণ্ডনীয়। ফ্রান্সের খেলোয়াড়রা দেশের প্রতিনিধিত্ব করেন। তাদের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য আসলে পুরো ফ্রান্সকেই অপমান করার শামিল। তাই বিষয়টি আইনি পদক্ষেপের জন্য সরকারি কৌঁসুলির কার্যালয়ে পাঠানো হবে।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আগামী ১০ জুলাই মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স।
Read this report in English · ইংরেজি সংস্করণ
