দেশের ব্যাংক খাত, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) এবং জেলা পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রশাসনিক পদে নিজেদের দলীয় লোক বসিয়ে বর্তমান সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সচেতন দেশবাসী সরকারের এই একদলীয় মনোভাব কখনোই মেনে নেবে না।
শুক্রবার (১৯ জুন) সকালে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এক বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, বিগত সময়ে সংসদে বিরোধী দলকে চরম তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলতো আওয়ামী লীগ। তারা সবচেয়ে বেশি আক্রমণ করতো বিএনপিকে, তারপর জামায়াতে ইসলামীকে। অত্যন্ত দুঃখের বিষয়, বর্তমান সরকারও সেই একই পথ অবলম্বন করে বিরোধী দলকে বিভিন্ন নেতিবাচক ট্যাগ দিয়ে কথা বলছে। কিন্তু দেশের জনগণ এখন সচেতন, তারা এসব রাজনৈতিক প্রোপাগান্ডা আর বিশ্বাস করে না।”
সরকারকে হুশিয়ারি দিয়ে বিরোধীদলীয় নেতা আরও বলেন, “আপনারা তরুণ সমাজের মনের ভাষা ও তাদের দাবি বুঝার চেষ্টা করেন। অনতিবিলম্বে আওয়ামী লীগের সেই পুরনো ও স্বৈরাচারী পথে হাঁটা বন্ধ করুন।”
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মী সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য (এমপি) সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও এমপি নুরুল ইসলাম বুলবুল এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দামসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতাকর্মীবৃন্দ।
Read this report in English · ইংরেজি সংস্করণ
