ফুটবল বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর খুব বেশি দেরি নেই। বিশ্বজুড়ে সমর্থকদের মধ্যে বাড়ছে উন্মাদনা, আর আর্জেন্টিনা ভক্তদের চোখ এখন লিওনেল মেসিদের প্রথম ম্যাচের দিকে। তবে বর্তমান চ্যাম্পিয়নদের মাঠে নামতে অপেক্ষা করতে হবে টুর্নামেন্ট শুরুর আরও কয়েকদিন পর পর্যন্ত।
আগামী ১১ জুন পর্দা উঠবে বিশ্বকাপ ২০২৬-এর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সহ-আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। এরপর ধাপে ধাপে শুরু হবে গ্রুপপর্বের বাকি লড়াই।
জে গ্রুপে থাকা আর্জেন্টিনা নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৭ জুন। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া। যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া খেলাটি বাংলাদেশ সময় দেখা যাবে সকাল ৭টায়।
গ্রুপপর্বে আর্জেন্টিনার বাকি দুটি ম্যাচও অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। ২২ জুন অস্ট্রিয়ার মুখোমুখি হবে তারা, আর ২৮ জুন জর্ডানের বিপক্ষে খেলবে শেষ গ্রুপ ম্যাচ। নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে পারলে ১ থেকে ৪ জুলাইয়ের মধ্যে রাউন্ড অব ৩২-এ নামবে মেসির দল।
বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৬ জুন টেক্সাসে হন্ডুরাস এবং ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা।
এদিকে বিশ্বকাপ সামনে রেখে বৃহস্পতিবার ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্ক্যালোনি। পাশাপাশি প্রস্তুতি ম্যাচের জন্য অতিরিক্ত সাতজন খেলোয়াড়কেও রাখা হয়েছে স্কোয়াডে।
Read this report in English · ইংরেজি সংস্করণ
