হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে প্রায় ১৩০০

স্বাস্থ্য অধিদপ্তর ভবন, ঢাকা

প্রতিবেদন:

·

,

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দেড় হাজারের বেশি শিশু। এনিয়ে গত ১৫ মার্চ থেকে চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা প্রায় ১৩০০ জনের কাছাকাছি পৌঁছেছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো হামবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে মারা যাওয়া ৪ শিশুর মধ্যে সিলেট বিভাগে ২ জন এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ১ জন করে রয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৮৪ জন শিশু আক্রান্ত হয়েছে এবং ল্যাব টেস্টে ১৫৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন রোগীর সংখ্যা ১ হাজার ৫৪১ জন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু হওয়া প্রাদুর্ভাবের পর থেকে এ পর্যন্ত সারা দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৬৯ হাজার ১৭১ জনে। এর মধ্যে সরকারি হিসাবে মোট মারা গেছে ১ হাজার ২৯৯ শিশু। মৃতদের মধ্যে সরাসরি হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৫ শিশু এবং বাকি ১ হাজার ১৯৯ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গজনিত জটিলতায়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ১২ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন মোট ২ লাখ ১৮ হাজার ৭৫ জন শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৯ হাজার ২০৭ শিশু।

গত ২৪ ঘণ্টায় বিভাগওয়ারী পরিসংখ্যানে দেখা যায়, এ সময়ে শুধু ঢাকা বিভাগেই সর্বোচ্চ ৫৮৯ জন হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে নিশ্চিত হামের রোগী ছিল ৪৯ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা দেশজুড়ে শিশু স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত টিকাদান কর্মসূচি জোরদারের তাগিদ দিয়েছেন।

Read this report in English · ইংরেজি সংস্করণ