যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসব উদ্যাপনকে কেন্দ্র করে বিভিন্ন অঙ্গরাজ্যে বন্দুক হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯৪ জন। ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়ার পর্যন্ত নৈশক্লাব, পোশাকের দোকান, স্টেডিয়াম ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে এসব হামলার ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন স্থানে একাধিক গুলিবর্ষণের ঘটনা ঘটে। নিউইয়র্ক টাইমস, এনবিসি ও বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য এবং পুলিশের বিবৃতির ভিত্তিতে হতাহতদের এ সংখ্যা পাওয়া গেছে।
এর মধ্যে টেক্সাসের ডালাস শহরের ডিপ এলাম এলাকায় রোববার ভোরে তিনটি পৃথক গুলিবর্ষণের ঘটনায় চারজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
ডিপ এলাম ডালাসের অন্যতম জনপ্রিয় বিনোদন এলাকা। সেখানে অসংখ্য বার, রেস্তোরাঁ, নাইটক্লাব ও সংগীত পরিবেশনার স্থান রয়েছে। হ্যালোইন উপলক্ষে শনিবার রাতেও ওই এলাকায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়েছিল।
ডালাস পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, প্রথম গুলির ঘটনা ঘটে এলম স্ট্রিটের ২৬০০ ব্লকে রাত ১২টা ২০ মিনিটে। দ্বিতীয়টি রাত ১টা ৫ মিনিটে মেইন স্ট্রিটের ২৬০০ ব্লকে এবং তৃতীয়টি রাত ১টা ৩৫ মিনিটে সাউথ ক্রাউডাস স্ট্রিটের ২০০ ব্লকে।
তিনটি ঘটনায় মোট ১৯ জন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে চারজনের মৃত্যু হয়। আহত ১৫ জনের কয়েকজনকে জরুরি চিকিৎসাকর্মীরা হাসপাতালে নিয়ে যান। অন্যরা নিজেরাই হাসপাতালে পৌঁছান।
ডালাসের পুলিশপ্রধান ড্যানিয়েল কোমো জানান, হ্যালোইন উপলক্ষে আগে থেকেই অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। ফলে গুলির খবর পাওয়ার পর কাছাকাছি অবস্থান করা পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পেরেছেন। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।
ফ্লোরিডা ও মিসিসিপিতেও প্রাণহানি
ফ্লোরিডার জ্যাকসনভিলে পৃথক দুটি গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে দুজন নিহত হয়েছেন। জ্যাকসনভিল পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে দুজন অনিচ্ছাকৃতভাবে গুলির লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন।
শহরটির আরেকটি এলাকায় রোববার রাত ৩টা ৪৫ মিনিটের দিকে শতাধিক মানুষের অংশগ্রহণে চলা একটি পার্টি রাস্তায় ছড়িয়ে পড়লে গুলির ঘটনা ঘটে। এতে ১০ জন গুলিবিদ্ধ হন। নিহত হন ২০ বছর বয়সী এক তরুণ। আহত ১৫ বছর বয়সী এক কিশোরীর অবস্থা স্থিতিশীল রয়েছে। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে মিসিসিপির জ্যাকসনের একটি নৈশক্লাবে গুলিতে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন।
উত্তর ক্যালিফোর্নিয়ার একটি পোশাকের দোকানেও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে চার সন্তানের জননী এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। তাঁদের মধ্যে দুই কিশোরের অবস্থা আশঙ্কাজনক।
ওকলাহোমা সিটির একটি ট্রেলার পার্কে হ্যালোইন পার্টি চলাকালে গোলযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে এক ব্যক্তি পায়ে একাধিক গুলিবিদ্ধ হন। তাঁর বেঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থলে গাড়ির ধাক্কায় দুজন নিহত হয়েছেন। তবে কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
বিশ্ববিদ্যালয় এলাকা ও স্টেডিয়ামের বাইরেও গুলি
হ্যালোইন উৎসবের সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানের আশপাশে একাধিক গুলিবর্ষণের ঘটনা ঘটে। এসব ঘটনায় দুই ডজনের বেশি মানুষ গুলিবিদ্ধ হয়েছেন।
আলাবামার বার্মিংহামে লেজিয়ন ফিল্ড স্টেডিয়ামের বাইরে গুলিতে একজন নিহত ও আটজন আহত হন। এর আগে স্টেডিয়ামটিতে আলাবামা এঅ্যান্ডএম ও আলাবামা স্টেটের মধ্যে ‘ম্যাজিক সিটি ক্লাসিক’ নামে পরিচিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।
অন্যদিকে ইলিনয়ের ব্লুমিংটনে ইলিনয় ওয়েসলিয়ান ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছে গুলিবিদ্ধ আটজনকে সহায়তা করেন পুলিশ সদস্যরা। ঘটনাস্থলেই ১৯ বছর বয়সী এক তরুণীকে মৃত ঘোষণা করা হয়। আহত অন্য সাতজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ইলিনয়ের প্রায় ২০০ মাইল দক্ষিণ-পূর্বে ইন্ডিয়ানার ব্লুমিংটনে ইন্ডিয়ানা ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছেও গুলির শব্দ শুনতে পান পুলিশ সদস্যরা। সেখানে হ্যালোইনের পাশাপাশি হোমকামিং উৎসব চলছিল।
পুলিশের বিবৃতিতে বলা হয়, শহরের কেন্দ্রীয় এলাকায় কয়েকজনের শরীরে গুলির আঘাতের মতো ক্ষত পাওয়া গেছে। এ ঘটনায় সাতজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আগ্নেয়াস্ত্র হাতে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া একজনকে আটক করেছে পুলিশ। তবে তিনিই গুলি চালিয়েছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ ছাড়া ডেলাওয়ারের নিউয়ার্ক শহরে ইউনিভার্সিটি অব ডেলাওয়্যারের কাছে গুলিতে ছয়জন আহত হয়েছেন। আরকানসাসের ফায়েটভিলেও বন্দুক হামলায় আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, সেখানে একটি বিরোধের জেরে গুলির ঘটনা ঘটে।
সহিংসতা ঠেকানো কঠিন, বলছেন বিশেষজ্ঞরা
হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কা থাকলেও এ ধরনের ঘটনা পুরোপুরি ঠেকানো পুলিশের জন্য কঠিন বলে মনে করছেন বন্দুক সহিংসতা নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় বিচার বিভাগের ব্যুরো অব জাস্টিস স্ট্যাটিস্টিকসের পরিচালক ছিলেন অ্যালেক্সিস পিকেরো। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব মায়ামির অপরাধবিজ্ঞানী।
নিউইয়র্ক টাইমসকে তিনি বলেন, পুলিশের পক্ষে প্রতিটি বার বা গাড়ি পার্কিংয়ের জায়গায় অবস্থান করা সম্ভব নয়। ফলে উৎসবের সময় বিভিন্ন স্থানে একযোগে সংঘটিত সহিংসতা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।
