শের কোমলমতি শিশুদের মানসিক বিকাশ, শারীরিক সুস্থতা ও সহজাত সৃজনশীলতা রক্ষার স্বার্থে প্রাথমিকে (২য় থেকে ৫ম শ্রেণি) যেকোনো ধরনের ভর্তি পরীক্ষা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অনুমোদিত বোর্ড বই ছাড়া সব বাণিজ্যিক অতিরিক্ত বই নিষিদ্ধ করা এবং সরকার অনুমোদিত প্রাক-প্রাথমিক কোর্স ছাড়া প্লে, নার্সারি, কেজি-১, ও কেজি-২ এর মতো সব অননুমোদিত কোর্স নিষিদ্ধকরণের নির্দেশনা চেয়ে আজ হাইকোর্টে জনস্বার্থে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) এক আইনজীবী এই রিট পিটিশনটি দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
রিট পিটিশনে আইনি যুক্তি উপস্থাপন করে বলা হয়েছে, ‘প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলককরণ) আইন, ১৯৯০’ অনুযায়ী প্রাথমিক শিক্ষায় বিনা বাধায় ভর্তি হওয়া প্রতিটি শিশুর একটি নিরঙ্কুশ আইনি অধিকার; কিন্তু ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ প্রণয়ন করে করে সরকার প্রাথমিকে ভর্তির ক্ষেত্রে কোমলমতি শিশুদের প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মুখোমুখি করছে, যা মূল আইনের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক এবং সম্পূর্ণ এখতিয়ারবহির্ভূত। এই বেআইনি পরীক্ষা শিশুদের মনে তীব্র ভীতি ও মানসিক ট্রমা সৃষ্টি করছে।
পাশাপাশি, ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন, ২০১৮’-এর সুস্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বাণিজ্যিক প্রকাশনীগুলোর সঙ্গে অনৈতিক যোগসাজশে এনসিটিবি অনুমোদিত বোর্ড বইয়ের বাইরে শিশুদের কাঁধে অতিরিক্ত সহায়ক বই ও গাইডের বিশাল বোঝা চাপিয়ে দিচ্ছে। এই অমানবিক মানসিক চাপ ও অতিরিক্ত বইয়ের ভারে শিশুদের মেরুদণ্ডের ক্ষতিসহ শারীরিক সুস্থতা এবং চিন্তা করার ক্ষমতা অঙ্কুরেই বিনষ্ট হচ্ছে।এছাড়া, ‘জাতীয় শিক্ষানীতি, ২০১০’-এ শিশুদের জন্য কেবল এক বছরের সরকার অনুমোদিত প্রাক-প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে। অথচ এই নির্দেশনার তোয়াক্কা না করে দেশব্যাপী কিন্ডারগার্টেন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ বেআইনিভাবে সরকার অনুমোদিত কোর্সের বাইরে প্লে, নার্সারি, কেজি-১ ও কেজি-২ এর মতো একাধিক স্তরের অননুমোদিত কোর্স চালু করে শিশুদের শিক্ষাকে একটি বাণিজ্যিক ফাঁদে পরিণত করেছে।রিটে উল্লেখ করা হয়, শিশুদের মুক্তচিন্তা ও সহজাত সৃজনশীলতা ধ্বংস করে মুখস্থবিদ্যার শিকলে বেঁধে ফেলার এই অপচেষ্টা বাংলাদেশ সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী মর্যাদাপূর্ণ জীবনের অধিকার, ৩১ অনুচ্ছেদ অনুযায়ী আইনের আশ্রয়লাভ এবং ১৭ ও ২৭ অনুচ্ছেদের অধীনে সমতাভিত্তিক ও গণমুখী শিক্ষার নিশ্চয়তার সুস্পষ্ট লঙ্ঘন।এমতাবস্থায়, রিট পিটিশনে প্রাথমিকে ভর্তি পরীক্ষা গ্রহণ বন্ধ করতে, এনসিটিবির বোর্ড বইয়ের বাইরে অতিরিক্ত বই পাঠ্যভুক্ত করা নিষিদ্ধ করতে এবং সরকার অনুমোদিত প্রাক-প্রাথমিক কোর্স ছাড়া প্লে-নার্সারি-কেজিসহ সব অননুমোদিত কোর্স পরিচালনা কেন নিষিদ্ধ করা হবে না, সেই মর্মে রুল জারির আবেদন জানানো হয়েছে। একইসঙ্গে, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোমলমতি শিশুদের সুরক্ষায় এই বেআইনি কার্যক্রমগুলোর ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চাওয়া হয়েছে।
Read this report in English · ইংরেজি সংস্করণ
