প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে হাকিম জেফ্রিস

প্রতিবেদন:

·

, ,

ডেমোক্রেট নেতা হাকিম জেফ্রিস মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে রয়েছেন। আগামী ৩রা জানুয়ারি নতুন কংগ্রেসের প্রথম দিন স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। স্পিকার নির্বাচিত হতে হলে প্রতিনিধি পরিষদের পূর্ণাঙ্গ ভোটে জেফ্রিসকে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে।

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটরা হাউসের নিয়ন্ত্রণ পেলে তিনি স্পিকার পদে দলের আনুষ্ঠানিক মনোনয়ন পাবেন বলে আশা করা হচ্ছে। নির্বাচিত হলে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ক্ষমতার শেষ দুই বছরে নিম্নকক্ষ পরিচালনার দায়িত্ব পাবেন তিনি। তবে তার জন্য এই পথ খুব একটা মসৃণ হবে না। খবর সিএনএন।

সিএনএন জানায়, জেফ্রিসকে দলের ভেতরে আদর্শগত এবং প্রজন্মগত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। দলের নতুন সমাজতান্ত্রিক অংশের সমর্থন আদায় করা তার জন্য কঠিন হতে পারে, যারা বর্তমান নেতাদের কাজের ধরনে অসন্তুষ্ট। এছাড়া ‘মেডিকেয়ার ফর অল’ এবং ইসরাইল ইস্যুতে তার কিছুটা রক্ষণশীল অবস্থানের কারণে দলের কর্মী ও আন্দোলনকারীদের সমালোচনার মুখে পড়তে হতে পারে তাকে।

তবে জেফ্রিসের ঘনিষ্ঠরা জানান, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নেবেন। তিনি বড় কোম্পানিগুলোর ওপর নজরদারি বাড়ানো, ধনীদের ওপর কর আরোপ এবং ন্যূনতম মজুরি বৃদ্ধির মতো বিষয়গুলো নিয়ে কাজ করতে চান।

তার একটি বড় চ্যালেঞ্জ হবে দলের ভেতরের দীর্ঘমেয়াদি সদস্যদের সঙ্গে নতুন প্রজন্মের সংঘাত সামলানো। কংগ্রেসের সদস্যদের শেয়ার ব্যবসার ওপর নিষেধাজ্ঞা আরোপের মতো সংস্কারমূলক প্রস্তাবগুলো পাস করানো নিয়েও দলের মধ্যে মতবিরোধ রয়েছে। গত বছর রিপাবলিকানদের একটি বিলে সম্মতি দেয়ায় কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতাদের বা ‘কংগ্রেশনাল ব্ল্যাক ককাস’-এর ক্ষোভের মুখে পড়েছিলেন জেফ্রিস।

তবে বর্তমানে সেই ফাটল অনেকটাই জোড়া লেগেছে। সিএনএনের মতে, জেফ্রিস এখন ডেমোক্রেট দলের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ করছেন। ট্রাম্পের ওপর সাধারণ মানুষের ক্ষোভকে কাজে লাগিয়ে আগামী নির্বাচনে দলের অবস্থান আরও মজবুত করতে চান তিনি।