চৌগাছায় সড়ক দূর্ঘটনায় প্রেমিক যুগলের মৃত্যু

প্রতিবেদন:

·

, , , ,

যশোরের চৌগাছায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অয়ন (২০) ও মিথিলা (১৮) নামে দুই তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪ টার দিকে চৌগাছা-যশোর সড়কের টালিখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অয়ন যশোরের মহেশপুর উপজেলার আদমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। মিথিলা চৌগাছা পৌর শহরের বাকপাড়া এলাকার নাজমুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, চৌগাছা থেকে যশোরের দিকে যাওয়ার পথে টালিখোলা এলাকায় মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী অয়ন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন মোটরসাইকেলের চালক মিথিলা।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত মিথিলাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

মিথিলার পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁরা দুজন চৌগাছার আড়ারদাহ এলাকায় একটি কফি হাউসে যাচ্ছিলেন।

অন্য একটি সূত্র জানিয়েছে তাঁরা প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।