ককরোচ প্রধান অভিজিতের দাদি মারা গেছেন

প্রতিবেদন:

·

, ,

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের দাদি মারা গেছেন। শনিবার মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার সান্তুক পিম্পরি গ্রামে বার্ধক্যজনিত জটিলতা ও দীর্ঘদিনের অসুস্থতার কারণে ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে দাদির মৃত্যুর খবর অভিজিৎ জানতে পেরেছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসের বরাতে এ তথ্য জানা গেছে।

দাদির মৃত্যুর দিনেই মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছান অভিজিৎ দীপকে। রাজধানীর যন্তরমন্তরে দলের নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে তিনি দুই সহযোগীকে নিয়ে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তবে বিমান থেকে নামার আগেই তাদের আটক করা হয়।

কয়েক কোটি ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছে সিজেপি। এ দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে সমাবেশ করার পরিকল্পনা ছিল দলটির।

এদিকে অভিজিতের বাবা ভগবান দীপকে ও মা অনিতা বর্তমানে ছত্রপতি সম্ভাজিনগরে রয়েছেন। তাদের বাড়ির চারপাশে পুলিশ অবস্থান নিয়েছে। দাদির মৃত্যুর খবর পাওয়ার পর তারা হিঙ্গোলিতে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে অভিজিৎকে দাদির শেষকৃত্যে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

সিজেপির সমাবেশ ঘিরে দিল্লিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। কর্মসূচিতে অংশ নিতে আসা সমর্থকদের বাধা দিতে দেশের বিভিন্ন এলাকা থেকে দিল্লিগামী ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি যন্তরমন্তরে জনসমাগম নিয়ন্ত্রণে দিল্লির মেট্রো পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয় কেন্দ্রীয় পুলিশ বাহিনীর প্রায় ২৩ হাজার সদস্য।

Read this report in English · ইংরেজি সংস্করণ