যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের উত্তেজনা আরো বাড়ানোর কোনো কারণ তিনি দেখছেন না। নিজ দলের নির্বাচনে পরাজয়ের পর প্রথমবারের মতো সিবিএস নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, ভোটাররা ইরানের সঙ্গে যুদ্ধ পছন্দ করেননি। একই সঙ্গে জ্বালানির দাম বেড়ে যাওয়াও তাদের অপছন্দের কারণ ছিল। তিনি আরো বলেন, আশ্চর্যজনকভাবে ইসরাইলের প্রতিও মানুষের মধ্যে ব্যাপক বিরূপ মনোভাব রয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের প্রতি আস্থা প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আমরা দুটি যুদ্ধে জয়ী হয়েছি।’
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরো জোরদার করার বিষয়ে তিনি বলেন, ‘আমি উত্তেজনা আরো বাড়াতে চাইছি না। তাদের হাতে কিছুই নেই। পারমাণবিক উপাদান হাজার হাজার টন পাথরের নিচে চাপা পড়ে আছে।’
ইরানের কথিত পারমাণবিক স্থাপনা পিকঅ্যাক্স মাউন্টেনের পরিস্থিতি সম্পর্কে ট্রাম্প বলেন, সেখানে ‘খুব সামান্য তৎপরতা’ দেখা গেছে। তবে প্রয়োজন হলে এক ঘণ্টার মধ্যেই সেখানে অভিযান চালানো সম্ভব বলে দাবি করেন তিনি। তার ভাষায়, ‘এই মুহূর্তে পিকঅ্যাক্সে অভিযান চালানোর প্রয়োজন নেই। তবে প্রয়োজন হলে এক ঘণ্টার মধ্যেই তা সম্পন্ন করতে পারব।’
এদিকে, গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি এখনো উন্মুক্ত রয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, ‘জাহাজ চলাচল করছে।’
হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর জাহাজের নিরাপত্তা পাহারার ব্যয় সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, যেসব দেশকে যুক্তরাষ্ট্র সুরক্ষা দিয়েছে, যুদ্ধের পেছনে হওয়া সব ধরনের ব্যয় তাদের পরিশোধ করতে হবে।
তিনি বলেন, ‘আমরা না থাকলে ওই দেশগুলোর অস্তিত্বই থাকত না। আমরা না থাকলে ইসরাইলেরও অস্তিত্ব থাকত না।’
Read this report in English · ইংরেজি সংস্করণ
