ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনব্যাপী সংঘাতে ২০০ জনেরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন। ইরানের বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি এমন দাবি করেন।
তার দাবি, ইরানের প্রতিশোধমূলক হামলায় মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা ওয়াশিংটন যা প্রকাশ করেছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি।
আইআরজিসির দাবি, অপারেশন ভিক্টরি–২-এ আটটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়। এর মধ্যে একটি ঘাঁটির ২০টি স্থাপনা ও বিমান হ্যাঙ্গারে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এসব হামলায় ধ্বংস হয়েছে— ১১টি মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার, ১৭টি গোয়েন্দা ও অপারেশনাল ড্রোন, একটি এফ-১৫ যুদ্ধবিমান, একটি পি-৮ সামুদ্রিক টহল বিমান, একটি সি-১৭ পরিবহন বিমান এবং আটটি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান।
এর আগে পেন্টাগন জানিয়েছিল, সংঘাতে ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। তবে পরে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম জানায়, সংশোধিত হিসাবে নিহতের সংখ্যা ১৪। এর মধ্যে কয়েকজনের ছবি ও নাম প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র।
Read this report in English · ইংরেজি সংস্করণ
