শুধু শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার কারণে রাজনৈতিক ঐক্যের প্রয়োজন হলে সেই ঐক্যের দরকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, সত্যিকারের জাতীয় ঐক্য চাইলে অবিলম্বে সংস্কার পরিষদ গঠন করে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জনগণের গণরায় বাস্তবায়ন করা হলে জামায়াতে ইসলামী সরকারকে সহযোগিতা করবে।
বুধবার দুপুরে বাংলাদেশ সুশীল ফোরাম আয়োজিত মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, মেজর এম এ জলিলের জীবন থেকে জাতির অনেক কিছু শেখার আছে। মহান মুক্তিযুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯৭১ সালে খুলনা-যশোর অঞ্চলে আধিপত্যবাদী শক্তির লুটপাট ও সম্পদ পাচারের বিরুদ্ধে তিনি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়াই পরবর্তী সময়ে তার জন্য কাল হয়ে দাঁড়ায়। আধিপত্যবাদীদের সহযোগীরা দেশপ্রেমিক এই মুক্তিযোদ্ধাকে কারাগারে পাঠিয়েছিল।
তিনি বলেন, স্বাধীনতার অর্থ হলো নিজস্ব সিদ্ধান্ত নিজে নেওয়ার সক্ষমতা। বাংলাদেশ যদি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে না পারে, সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করতে না পারে, গণমাধ্যম স্বাধীনভাবে লিখতে না পারে কিংবা মানুষ মুক্তভাবে কথা বলার ও মতপ্রকাশের অধিকার না পায়, তাহলে সেই স্বাধীনতার প্রকৃত অর্থ থাকে না। মেজর জলিল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের প্রকৃত অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে জামায়াতের এই নেতা বলেন, জুলাই গণআন্দোলনের মাধ্যমে দেশ আবারও একটি মুক্ত পরিবেশের সুযোগ পেয়েছিল। অন্তর্বর্তী সরকার সংস্কার ও বিচার কার্যক্রমের
উদ্যোগ নিয়েছিল। কিন্তু বর্তমান বিএনপি সরকার এসে সেসব সংস্কারের কিছু বাতিল করে নতুন উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে। অন্তর্বর্তী সরকার বিচার কার্যক্রম কিছুটা এগিয়ে নিলেও বর্তমান সরকার তা থামিয়ে দিয়েছে। শত শত শহীদের পরিবারের জন্য এখনো কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়নি।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশে অবস্থান করছেন। তিনি বারবার দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন। সম্প্রতি বিবিসির সংবাদে ১৬ ডিসেম্বর দেশে ফেরার সম্ভাবনার কথা জানা গেছে। এত মানুষ হত্যার পর তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চাইলে তাতে কোনো আপত্তি নেই। দেশের মানুষ তাকে আর দায়মুক্তি দেওয়ার বিষয়টি মেনে নেবে না।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে ফ্যাসিস্টদের দায়মুক্তি দিয়ে একটি বিবৃতি দিয়েছেন। পরবর্তী সময়ে পরিস্থিতি বিবেচনায় এবং বিরোধীদলীয় নেতার সংলাপের আহ্বানের পর সংলাপের কথা বলা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
হামিদুর রহমান আযাদ বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুটি ব্যালটে ভোট নেওয়ার কারণ ছিল জুলাই সনদ বাস্তবায়নের জন্য আলাদা সংস্কার পরিষদের প্রয়োজনীয়তা। বর্তমান সংসদের সেই ক্ষমতা নেই। তাই জুলাই বিপ্লবের গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে অবিলম্বে সংস্কার পরিষদ গঠন করতে হবে। সত্যিকারের সংলাপ ও জাতীয় ঐক্য দেখতে চাইলে আগে জনগণের রায় বাস্তবায়ন করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ করা হলে সরকারকে সহযোগিতা করা হবে।
আলোচনা সভায় বাংলাদেশ সুশীল ফোরামের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
