শিক্ষা ডেস্ক:
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা নীতিতে বড় পরিবর্তন আনছে নিউজিল্যান্ড। নতুন নিয়ম ২০২৬ সালের ১৬ নভেম্বর থেকে কার্যকর হবে। খবর এনডিটিভির।
নতুন নীতিতে বিদেশি শিক্ষার্থীদের জন্য ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ নামে একটি নতুন ভিসা চালু করা হয়েছে। এই ভিসার মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনা শেষে সর্বোচ্চ ছয় মাস নিউজিল্যান্ডে থেকে চাকরি করতে পারবেন।
এই ভিসার জন্য আবেদন করতে হলে শিক্ষার্থীকে নিউজিল্যান্ডে লেভেল ৫ থেকে ৭-এর পূর্ণকালীন কোর্স সম্পন্ন করতে হবে। কোর্সের মেয়াদ কমপক্ষে ২৪ সপ্তাহ হতে হবে। এছাড়া ব্যাংক হিসাবে কমপক্ষে ৫ হাজার নিউজিল্যান্ড ডলার থাকতে হবে এবং স্টুডেন্ট ভিসার মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে আবেদন করতে হবে।
তবে এই ভিসায় ব্যবসা শুরু করা যাবে না, পরিবারের সদস্যদের স্পনসর করা যাবে না এবং এটি জীবনে একবারই পাওয়া যাবে।
এ ছাড়া পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার সুবিধাও বাড়ানো হয়েছে। এখন যেসব শিক্ষার্থী লেভেল ৭ গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করবেন, তারা এক বছরের ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে এজন্য আবেদনকারীর ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে অথবা তার পড়াশোনা নিউজিল্যান্ডের গ্রিন লিস্টভুক্ত পেশার সঙ্গে সম্পর্কিত হতে হবে।
গ্রিন লিস্ট হলো এমন পেশার তালিকা, যেখানে নিউজিল্যান্ডে দক্ষ কর্মীর চাহিদা বেশি রয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা এবং শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দুটোই একবারের বেশি পাওয়া যাবে না। তাই শিক্ষার্থীদের কোর্স নির্বাচন ও ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকেই সতর্কতার সঙ্গে করতে হবে।
Read this report in English · ইংরেজি সংস্করণ
