যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডের আবেদন জমা দেওয়ার সময়সীমা গণনার নিয়মে একটি পরিবর্তন আনা হয়েছে, যা গত ২৩ অক্টোবর থেকে কার্যকর করেছে দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা। এই নতুন নিয়মের ফলে কোনো আবেদনের শেষ দিন যদি সাপ্তাহিক বা সরকারি ছুটির দিনে পড়ে, তবে সব ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী কর্মদিবস পর্যন্ত অতিরিক্ত সময় পাওয়ার সুযোগ থাকবে না।
গত ২৩ সেপ্টেম্বর প্রকাশিত একটি নীতিগত নির্দেশনায় সাধারণ দাপ্তরিক সময়সীমা এবং অভিবাসন সুবিধা পাওয়ার যোগ্যতা অর্জনের শেষ তারিখের মধ্যকার পার্থক্য স্পষ্ট করা হয়। নতুন এই নীতি অনুযায়ী, কাগজভিত্তিক কিছু আবেদনের শেষ তারিখ শনি-রোববার কিংবা সরকারি ছুটির দিনে হলে পরবর্তী কার্যদিবসে তা জমা দেওয়ার সুযোগ মিলতে পারে।
তবে অনলাইনে ছুটির দিনসহ যেকোনো সময়েই আবেদন করা যায় বিধায়, অনলাইন জমা দেওয়ার ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নয় এবং আবেদনকারীদের স্ব স্ব ফর্মের নির্দেশনা মেনে চলতে হবে।
বিশেষ করে বয়সভিত্তিক যোগ্যতার ক্ষেত্রে নতুন নিয়মটি অত্যন্ত কড়াকড়ি আরোপ করেছে। পরিবারভিত্তিক অভিবাসন এবং বিশেষ অপ্রাপ্তবয়স্ক ক্যাটাগরির ক্ষেত্রে সন্তানদের বয়স ২১ বছর পূর্ণ হওয়ার আগেই সাধারণত আবেদন করতে হয়।
এ ধরনের আবেদনের শেষ দিন যদি কোনো ছুটির দিনে পড়ে, তবে অতিরিক্ত কোনো দিন স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হবে না। ফলে নির্দিষ্ট বয়সসীমা পার হয়ে গেলে অভিবাসন সুবিধার যোগ্যতা চিরতরে হারাতে হতে পারে
