যুক্তরাষ্ট্রের ওপর ইরানের হামলার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে

প্রতিবেদন:

·

, ,

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে রয়েছে ইরান। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোর কর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। সেই সঙ্গে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় জনবল কমানোর পদক্ষেপ নেওয়া নিচ্ছে ওয়াশিংটন। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে একটি স্মারকলিপি পাঠান।

স্মারকলিপিতে বলা হয়, ইরান মার্কিন কর্মীদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে এমন গোয়েন্দা তথ্য সংস্থাগুলোর হাতে এসেছে। মার্কিন নাগরিকদের বিরুদ্ধে ইরানের প্রাণঘাতী হামলার পরিকল্পনা মধ্যপ্রাচ্য এবং আরও কয়েকটি দেশে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

এক পৃষ্ঠার ওই স্মারকলিপিতে সম্ভাব্য লক্ষ্যবস্তু, ব্যক্তি, মধ্যপ্রাচ্যের বাইরে সংশ্লিষ্ট দেশগুলোর নাম কিংবা ষড়যন্ত্রের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

অ্যাক্সিওসের প্রতিবেদনে আরো বলা হয়, এ-সংক্রান্ত গোয়েন্দা তথ্য পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী রুবিও যাতে আরও বিস্তৃত পরিসরে তথ্যটি জানাতে পারেন, সে জন্য প্রয়োজন অনুযায়ী এর গোপনীয়তার মাত্রা কমিয়ে আনার প্রস্তাব দিয়েছেন ক্লেটন।

শুক্রবার রাতে এক মার্কিন কর্মকর্তা ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে স্মারকলিপির বিষয়টি নিশ্চিত করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। কর্মকর্তারা জানান, এই পদক্ষেপ থেকে বোঝা যায়, সম্ভাব্য হুমকিকে যুক্তরাষ্ট্র সরকার কতটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

মার্কিন এক কর্মকর্তা এক্সিওসকে জানান, সংযুক্ত আরব আমিরাত, লেবানন, কাতার ও জর্ডানে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো থেকে কর্মী কমিয়ে আনার সিদ্ধান্তের পেছনে এসব গোয়েন্দা তথ্যও একটি কারণ। এর আগে সিএনএন এ খবর প্রকাশ করেছিল।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাস এবং জেদ্দা ও দাহরানের কনস্যুলেট থেকে পরিবারের সদস্য ও জরুরি দায়িত্বে নিয়োজিত নন এমন কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এদিকে শুক্রবার ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক নির্বাচনি সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের ওপর আবারও হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ।

Read this report in English · ইংরেজি সংস্করণ