মেসির রেকর্ড এমবাপ্পেই ভাঙবে

প্রতিবেদন:

·

ক্রীড়া ডেস্ক:

অস্ট্রিয়ার বিপক্ষে জোড় গোল করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। এই মুহূর্তে আর্জেন্টাইন অধিনায়কের নামের পাশে শোভা পাচ্ছে ১৮টি গোল। তালিকায় মেসির পরের নামটি কিলিয়ান এমবাপ্পের। ফরাসি অধিনায়কের গোলসংখ্যা মেসির চেয়ে মাত্র দুটি কম, ১৬টি। তবে মেসির সর্বোচ্চ গোলের রেকর্ড একদিন ভেঙে দেবেন কিলিয়ান এমবাপ্পে। এমনটাই মনে করেন ফরাসি কোচ দিদিয়ের দেশম।

সোমবার রাতে ইরাকের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে জোড়া গোলের দেখা পান এমবাপ্পে। বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬টি। এর মধ্য দিয়ে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার দীর্ঘদিনের রেকর্ড স্পর্শ করেন। সেই ম্যাচের পরই নিজের অধিনায়ককে নিয়ে এমন আত্মবিশ্বাসী মন্তব্য করেন ফরাসি কোচ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দেশম বলেন, ‘রেকর্ড তো ভাঙার জন্যই তৈরি হয়। এখন সে একটি প্রতীকী সংখ্যাও স্পর্শ করেছে। তার ১০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়ে গেছে। সে সবসময় গোল করেছে এবং ভবিষ্যতেও আরও গোল করবে।’

মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘ ক্যারিয়ারের প্রসঙ্গ টেনে ফ্রান্স কোচ বলেন, ‘মেসিকে দেখুন, রোনালদোকে দেখুন। এমবাপ্পে তাদের বয়স পর্যন্ত খেলবে কি না, সেটা আমি নিশ্চিত নই। কিন্তু যতদিন সে মাঠে থাকবে এবং নিজেকে ভালো অনুভব করবে, ততদিন সে অনেক গোল করবে।’

তিনি আরও বলেন, ‘প্রতিবারই সে নিজের রেকর্ড ভাঙে এবং নিজেকে আরও উঁচুতে নিয়ে যায়। তার সেই সামর্থ্য রয়েছে।’

এদিকে ইরাকের বিপক্ষে ফ্রান্সের মধ্যকার ম্যাচটি এমবাপ্পের জন্য বিশেষ ছিল। এটি ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শততম ম্যাচ। তবে ম্যাচটি আর দশটা ম্যাচের মতো স্বাভাবিক ছিল না। প্রতিকূল আবহাওয়ার কারণে দীর্ঘ সময় খেলা বন্ধ ছিল। বিরতির সময় কী করেছিলেন খেলোয়াড়রা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তাস খেলেছি।’

দেশম জানান, ভারী বৃষ্টির কারণে মাঠের অবস্থা খুব কঠিন হয়ে গিয়েছিল এবং এমন অভিজ্ঞতা তার কোচিং ক্যারিয়ারে এই প্রথম।

ফরাসি কোচ বলেন, ‘আসলে আমরা অপেক্ষা করছিলাম। বারবার সময় পিছিয়ে যাচ্ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আবার ২০ মিনিট ওয়ার্ম-আপের সুযোগ পাওয়া, যাতে কোনো ঝুঁকি না থাকে।’

Read this report in English · ইংরেজি সংস্করণ