মধ্যপ্রাচ্য ছাড়তে নাগরিকদের আহ্বান দক্ষিণ কোরিয়ার

প্রতিবেদন:

·

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত নাগরিকদের দ্রুত অঞ্চলটি ছাড়ার আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া। রোববার (১৯ জুলাই) ইরান ও ইসরাইলসহ ১৭টি কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সতর্কতা জারি করে।

বৈঠকে ওই অঞ্চলে অবস্থানরত দক্ষিণ কোরিয়ার নাগরিক ও জাহাজগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম জিনা বলেন, ‘মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ গত মার্চ থেকেই লেভেল-৩ ভ্রমণ সতর্কতার আওতায় রয়েছে। তাই জরুরি প্রয়োজন না থাকলে সেখানে অবস্থানরত স্বল্পমেয়াদি ভ্রমণকারীদের যত দ্রুত সম্ভব দেশ ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ইয়েমেনের হুথি গোষ্ঠী এবং সৌদি আরবকে ঘিরে সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে লোহিত সাগরে চলাচলকারী দক্ষিণ কোরিয়ার জাহাজগুলোর নিরাপত্তার বিষয়েও সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’

অন্যদিকে ভারতও তাদের নাগরিকদের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ইরান সফর স্থগিত রাখার পরামর্শ দিয়েছে।

ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক নতুন সতর্কবার্তায় বলেছে, ‘যারা বর্তমানে ইরানে অবস্থান করছেন, তারা সম্ভব হলে ফ্লাইট ব্যবহার করে সাময়িকভাবে দেশটি ত্যাগ করার বিষয়টি বিবেচনা করুন।’ অন্যদিকে জর্ডানে থাকা ভারতীয় নাগরিকদেরও সতর্ক থাকার এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ভারতীয় দূতাবাস।

উল্লেখ্য, গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে সই করে সংঘাতের অবসান এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। তবে গত সপ্তাহে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা বেড়ে যায় এবং উভয় পক্ষ পালটাপালটি হামলা চালায়।

Read this report in English · ইংরেজি সংস্করণ