পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে একটি দুর্গাপূজার মণ্ডপে মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু ও রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিশিষ্ট ব্যক্তিদের ছবির সঙ্গে মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের ছবি প্রদর্শন করা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। বুধবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এই সংবাদের সত্যতা প্রকাশ করা হয়েছে।
মহিষাদল ইয়ুথ কালচারাল অর্গানাইজেশন (মাইকো ক্লাব) আয়োজিত এই পূজামণ্ডপের ভেতরে বাঁধাই করা ছবির সারিতে স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধীর পাশাপাশি গডসের ছবি স্থান পায়।
সূর্য মাইতি নামক এক ব্যক্তির ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শেয়ার করেন ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট অল্ট নিউজের মোহাম্মদ জুবায়ের। বিষয়টি প্রকাশিত হওয়ার পর দেশবরেণ্য ব্যক্তিত্বদের পাশে গান্ধীর হত্যাকারীর ছবি রাখায় সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।
এই ঘটনার পেছনে আয়োজকদের কী উদ্দেশ্য ছিল সে বিষয়ে মাইকো ক্লাব, স্থানীয় পুলিশ কিংবা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পূর্বে ২০২২ সালেও কলকাতায় হিন্দু মহাসভা সংশ্লিষ্ট একটি দুর্গাপূজায় মহিষাসুরের প্রতিমাকে মহাত্মা গান্ধীর আদলে তৈরি করা নিয়ে বিতর্ক হয়েছিল, যা পরবর্তীতে প্রতিবাদের মুখে পরিবর্তন করা হয়। নাথুরাম গডসে ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীকে হত্যা করেন এবং ১৯৪৯ সালে তার ফাঁসি কার্যকর করা হয়।
Read this report in English · ইংরেজি সংস্করণ
