ভারতের উত্তরপ্রদেশের বাগপত জেলায় আতশবাজি ফোটানো নিয়ে বিবাদের জেরে এক সেনাসদস্যকে মাথায় গুলি করা হয়েছে। তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেহরক্ষী হিসেবে কর্মরত ছিলেন। দিওয়ালির রাতে এই ঘটনা ঘটে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
আহত ওই সেনাসদস্যের নাম সৌরভ তোমার (২৬)। তিনি বর্তমানে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা এখনো আশঙ্কাজনক। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সৌরভ তার ভাই বিনীত এবং মিন্টুর সাথে বাড়ির বাইরে আতশবাজি ফোটাচ্ছিলেন।
এসময় গ্রামের বাসিন্দা ধীরাজ এবং তার ভাই মনু ওরফে প্রবীণের সাথে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধীরাজ একটি দেশি পিস্তল বের করে গুলি চালান। গুলিটি প্রথমে একটি দেয়ালে আঘাত করে এবং পরে সৌরভের কানের পেছনে মাথায় লাগে। এরপর মারামারি হলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, দুই পক্ষের মধ্যে আগে থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তবে প্রায় দুই মাস আগে তাদের মধ্যে একটি বিবাদ হয়েছিল।
২০২১ সালে সেনাবাহিনীতে যোগ দেয়া সৌরভ বর্তমানে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির দেহরক্ষী হিসেবে কর্মরত ছিলেন। তিনি দিওয়ালি উদযাপন করতে ছুটিতে গ্রামে এসেছিলেন। ঘটনার পর তার বাবা জনক রাজ জরুরি হেল্পলাইনে কল করে পুলিশকে খবর দেন।
জনক রাজের লিখিত অভিযোগের ভিত্তিতে ধীরাজ এবং মনুর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে পুলিশ কর্মকর্তারা জানান।
