আগামীকাল রোববার ভুটানের থিম্পু সফরে যাওয়ার কথা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর।
সরাসরি থিম্পুর ফ্লাইট না থাকায় বাংলাদেশে যাত্রাবিরতি করতে পারেন ফিফা সভাপতি। থিম্পু যাওয়ার পথে ঢাকায় ট্রানজিট নেওয়ার সম্ভাবনা থাকায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
দুই সপ্তাহ আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপ চলাকালে ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজের। তখনই এ বিষয়ে আলোচনা হয়েছিল বলে জানা গেছে। যাত্রাপথে সৈয়দপুর, ঢাকা কিংবা ভারতের কোনো বিমানবন্দরে ট্রানজিট নিতে পারেন ফিফা সভাপতি। তবে ইনফান্তিনো বাংলাদেশে যাত্রাবিরতি করবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পায়নি বাফুফে। তারপরও সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় রেখে প্রস্তুতি নিচ্ছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
এ বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান বাফুফের সাধারণ সম্পাদক। ফিফা সভাপতি ঢাকায় ট্রানজিট নিলে এবং তিনি চাইলে, যাতে দ্রুত ইমিগ্রেশনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা যায়, সে বিষয়েই প্রস্তুতি রাখা হচ্ছে।
ইনফান্তিনো যদি বিমানবন্দরের ভিআইপি জোনে অবস্থান করেন, সে ক্ষেত্রে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও সহসভাপতিরা। তবে সবকিছুই নির্ভর করছে ফিফা সভাপতির যাত্রাপথ ও ট্রানজিট নেওয়ার সিদ্ধান্তের ওপর।
Read this report in English · ইংরেজি সংস্করণ
