ট্রাম্পের অবকাশ যাপন কেন্দ্রের কাছাকাছি বিমান বিধ্বস্ত :নিহত ৯

প্রতিবেদন:

·

, ,

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো অবকাশ যাপন কেন্দ্রের অনেকটা কাছেই বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ৯ আরোহীর সবাই। দক্ষিণ ফ্লোরিডার ক্রেস্টহ্যাভেনের কাছে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল ট্রাম্পের পাম বিচ কাউন্টিতে অবস্থিত মার-এ-লাগো অবকাশযাপন কেন্দ্র থেকে প্রায় ৯ মাইল দূরে।

বিমানটি একটি আবাসিক এলাকায় আছড়ে পড়ে। এর পর বিশাল অগ্নিগোলকের সৃষ্টি হয়। আগুনের গোলাটি ব্যস্ত সড়কের পাশে থাকা কয়েকটি বাড়ি থেকে অল্প দূরে পড়ে।

গাড়ির ভেতর থেকে কয়েকজনের ধারণ করা ভিডিওতে ভয়াবহ দুর্ঘটনার মুহূর্ত ধরা পড়েছে। এতে দেখা যায়, রোববার বাহামাসের উদ্দেশে যাত্রা করা বিমানটি আকাশ থেকে দ্রুত নিচে নেমে সড়কের পাশে আছড়ে পড়ছে। সঙ্গে সঙ্গে তা বিস্ফোরিত হয়।

দুর্ঘটনাস্থলে তৈরি হওয়া বিশাল গর্তের চারপাশে ছড়িয়ে থাকা পিচঢালা রাস্তার টুকরোর মধ্যে আগুনের শিখা জ্বলতে দেখা যায়। ঘটনাস্থলে জড়ো হওয়া লোকজনকে বিস্ময় প্রকাশ করতে দেখা যায়। বিমানটি বাড়িঘর থেকে মাত্র কয়েক ফুট দূরে এবং চলন্ত গাড়ি থেকে কয়েক ইঞ্চি দূরে আছড়ে পড়ে। দুর্ঘটনাস্থল ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়।

পরিবহনমন্ত্রী শন ডাফি এক্সে দেয়া এক পোস্টে জানান, স্থানীয় সময় রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে পাম বিচ কাউন্টিতে লিয়ারজেট ৬০ বিমানটি বিধ্বস্ত হয়। তিনি ঘটনাটিকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ বলে অভিহিত করেন। দুর্ঘটনার তদন্তে জাতীয় পরিবহন নিরাপত্তা বিষয়ক ‘ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডকে (এনটিএসবি) সহায়তা করতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) একটি দল পাঠাচ্ছে বলেও জানান তিনি।

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেছেন, বিস্ফোরণস্থলের বাইরে মাটিতে থাকা কেউ আহত বা নিহত হয়েছেন এমন কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। দুর্ঘটনাস্থলে সাংবাদিকদের ডিস্যান্টিস বলেন, এটি ছিল ভয়াবহ মাত্রার একটি দুর্ঘটনা। দেখে মনে হচ্ছিল, একটি ক্ষেপণাস্ত্র নিচে নেমে আসছে। সড়কের পাশে এটি বিশাল একটি গর্ত তৈরি করেছে।

রোববার পুরো অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হয়েছে। অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যার আশঙ্কায় সোমবার বিকেল পর্যন্ত সতর্কতা জারি ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, বিমানটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এর গন্তব্য ছিল বাহামাস।

কী কারণে তা বিধ্বস্ত হয়েছে কিংবা এতে কারা ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ। বিমান চলাচল নিয়ন্ত্রণের রেকর্ডিং এবং ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, বিমানটি ৩৫ হাজার ফুট (প্রায় ১১ কিলোমিটার) উচ্চতায় পূর্বদিকে যাচ্ছিল।

এ সময় পাইলটরা ঝাঁকুনিপূর্ণ আবহাওয়া, বিমানের গায়ে বরফ জমা এবং বৃষ্টিপাতের কথা জানান। পাশাপাশি আরও ২ হাজার ফুট (প্রায় ৬১০ মিটার) উচ্চতায় ওঠার অনুমতি চান তারা।

এর কিছুক্ষণ পরই বিমানটি খাড়া অবস্থায় নিচের দিকে নামতে শুরু করে। প্রথমে প্রতি মিনিটে ১০ হাজার ফুট, পরে ২০ হাজার ফুট এবং একপর্যায়ে প্রতি মিনিটে ৩০ হাজার ফুট গতিতে নিচে নামতে থাকে এটি। এতে বিমানটির গতি তার নকশায় নির্ধারিত সীমা ছাড়িয়ে যায়। বিমান চলাচল নিয়ন্ত্রণের রেকর্ডিংয়ে দেখা যায়, একপর্যায়ে পাইলট জরুরি অবস্থা ঘোষণা করেন এবং বিপদসংকেত পাঠাতে থাকেন।

মাটিতে আছড়ে পড়ার ঠিক আগে বিমানটি তীব্রভাবে ডানদিকে কাত হয়ে যায়। লাইভএটিসি ডটনেটের ধারণ করা বিমান চলাচল নিয়ন্ত্রণের রেকর্ডিং অনুযায়ী, দুর্ঘটনার কয়েক মিনিট আগে পাইলট বিমানের গায়ে বরফ জমার কথা জানিয়েছিলেন। একই সঙ্গে প্রচণ্ড ঝাঁকুনির কারণে তা ৭০০ ফুট পর্যন্ত ওঠানামা করছিল বলেও জানান তিনি।

নিয়ন্ত্রকদের উদ্দেশে পাইলট বলেন, বিমানের গায়ে হালকা ও স্বচ্ছ বরফ জমছে, যা নিয়ন্ত্রণযোগ্য। পাশাপাশি মাঝারি মাত্রার ঝাঁকুনি হচ্ছে। কিন্তু দ্রুত পরিস্থিতির অবনতি ঘটে। বৃষ্টিপাতের মধ্যে পড়ে আরও ওপরে ওঠার অনুমতি চাওয়ার পর বিমানটি উচ্চতা হারাতে শুরু করে। এ সময় পাইলট জরুরি অবস্থা ঘোষণা করেন।

বিমান চলাচল নিয়ন্ত্রকদের কাছে পাইলটের পাঠানো বার্তায় শোনা যায়, ‘আমরা প্রতি মিনিটে ৮ হাজার ফুট গতিতে নিচে নামছি। মেইডে, মেইডে- আমরা প্রতি মিনিটে ১০ হাজার ফুট গতিতে নিচে নেমে যাচ্ছি।’ এরপর পাইলট জানান, ‘আমরা অতিরিক্ত গতির পরিস্থিতিতে পড়েছি। প্রতি মিনিটে ২০ হাজার ফুট গতিতে নিচে নামছি।’ এরপরই ভয়াবহ পরিণতির কথা স্বীকার করে পাইলট বলেন, ‘আমরা মাটিতে আছড়ে পড়তে যাচ্ছি।’

অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র জিম রেনল্ডস জানান, বিমানটি ছিল ব্যক্তিগত মালিকানাধীন। তবে এতে কারা ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি তিনি। এদিকে দুর্ঘটনার তদন্ত চলাকালে পাম বিচ কাউন্টির কর্তৃপক্ষ কাছাকাছি একটি মোবাইল হোম আবাসন এলাকা থেকে প্রায় ৬০০ বাসিন্দাকে সরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দুর্ঘটনাস্থলের সড়ক বন্ধ থাকবে বলে জানিয়েছে কাউন্টি কর্তৃপক্ষ। পাম বিচ কাউন্টি শেরিফের কর্মকর্তারা জানিয়েছেন, ফ্লোরিডার গ্রিনএকরস এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। প্রায় ৪৫ হাজার মানুষের বসবাসের এই শহরটি ওয়েস্ট পাম বিচ থেকে প্রায় ৭ মাইল (১১ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।