চুয়াডাঙ্গায় পরীক্ষা কেন্দ্রেই অসুস্থ হয়ে মারা গেলেন শিক্ষার্থী

প্রতিবেদন:

·

,

চুয়াডাঙ্গায় অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন বিপ্লব হোসেন সাগর (২০) নামে এক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহত বিপ্লব হোসেন সাগর জীবননগন উপজেলার সুভলপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৫ শিক্ষাবর্ষের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। কলেজ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে পরীক্ষা শুরুর আগে হলে প্রবেশ করেন সাগর। উত্তরপত্রে রোল নম্বর লেখার পর প্রশ্নপত্র বিতরণের আগেই বুকে হাত দিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় দ্রুত কলেজের একটি ভ্যানে একজনকে সঙ্গে দিয়ে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি উত্তরপত্রে দেওয়া অভিভাবকের ফোন নম্বরে যোগাযোগ করেন শিক্ষকেরা।চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের শিক্ষক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন জানান, পরীক্ষা শুরুর প্রায় ১০ মিনিট আগে হলে প্রবেশ করেছিলেন সাগর। উত্তরপত্রে রোল নম্বর লেখার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক রকিবুল ইসলাম শাহীন বলেন, শিক্ষার্থীর অসুস্থ হওয়ার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসি পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ধারণা, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, তিনি ঘটনাটি শুনেছেন।