চিতল মাছের গতানুগতিক পদ খেতে না চাইলে বাসায় রান্না করে ফেলুন চিতল মাছ, নারকেল ও পোস্তের কোপ্তা কালিয়া। অতিথি আপ্যায়নেও ফিউশনধর্মী এ পদ টেবিলে রাখতে পারেন। রেসিপি দিয়েছেন সৈয়দা তাসফিয়া ইসলাম মাহি।
উপকরণ
কোপ্তার জন্য: চিতল মাছ ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ২টি, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, চালের গুঁড়া ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, সয়াবিন তেল ভাজার জন্য।
কালিয়ার জন্য: পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, নারকেল বাটা ৩ টেবিল চামচ, পোস্ত বাটা দেড় টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আধা চা চামচ করে, ধনে গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, টক দই ১ টেবিল চামচ, গরম মসলা চার ভাগের এক ভাগ, কাঁচামরিচ ৩–৪টি, লবণ স্বাদমতো, সয়াবিন তেল ৩ টেবিল চামচ ও গরম পানি প্রয়োজনমতো।
প্রস্তুত প্রণালিপ্রথমে চিতল মাছ পরিষ্কার করে লবণ দিয়ে হালকা ভাপিয়ে নিতে হবে। মাছ ঠান্ডা হলে কাঁটা বেছে শুধু মাছের মাংস আলাদা করে ভালোভাবে চটকে নিন। এরপর চটকানো মাছের সঙ্গে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা-রসুন বাটা, ভাজা জিরার গুঁড়া, ধনেপাতা, লবণ ও চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিন। মিশ্রণ থেকে ছোট ছোট গোল কোপ্তা তৈরি করে নিন। কড়াইয়ে তেল ঢেলে মাঝারি আঁচে সোনালি করে ভেজে নিন।
কালিয়া তৈরির জন্য কড়াইতে সয়াবিন তেল গরম করে পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। এরপর আদা-রসুন বাটা ও মরিচ, ধনে ও জিরার গুঁড়া দিয়ে অল্প পানি দিয়ে মসলা কষাতে হবে। এবার নারকেল বাটা ও পোস্ত বাটা দিয়ে কম আঁচে ভালোভাবে কষিয়ে টক দই মিশিয়ে নিন। প্রয়োজনমতো গরম পানি দিয়ে মাঝারি ঘন গ্রেভি তৈরি করে ভাজা মাছের কোপ্তাগুলো দিন। কাঁচামরিচ দিয়ে ঢেকে কম আঁচে ৫–৬ মিনিট রান্না করুন। সবশেষে গরম মসলা ছিটিয়ে চুলা বন্ধ করে দিন।
Read this report in English · ইংরেজি সংস্করণ
