কত টাকা বাড়ল গ্রাম পুলিশের বেতন-ভাতা ?

প্রতিবেদন:

·

,

তৃণমূল পর্যায়ে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যদের মাসিক বেতন-ভাতা এবং অবসরকালীন সুযোগ-সুবিধা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছে সরকার। একই সঙ্গে ঐতিহাসিক ৭ নভেম্বর থেকেই সরকারের এই সিদ্ধান্ত কার্যকর ঘোষণা করা হয়েছে।

শনিবার আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে পদবী পরিবর্তনের পাশাপাশি বেতন-ভাতা বৃদ্ধির এই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

ঘোষণা অনুযায়ী, গ্রাম পুলিশের সাধারণ সদস্যদের বর্তমান মাসিক বেতন সাড়ে ৬ হাজার টাকা থেকে ৪ হাজার টাকা বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে গ্রাম পুলিশ প্রধানদের বর্তমান মাসিক বেতন ৮ হাজার টাকা থেকে ৩ হাজার টাকা বাড়িয়ে করা হয়েছে ১১ হাজার টাকা।

মাসিক বেতনের পাশাপাশি চাকরি শেষে এককালীন অবসরকালীন আনুতোষিক ভাতাও বৃদ্ধি করা হয়েছে। সাধারণ গ্রাম পুলিশের ক্ষেত্রে আনুতোষিক ভাতা ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা এবং গ্রাম পুলিশ প্রধানের ক্ষেত্রে ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে।

এ ছাড়া দাপ্তরিক দায়িত্ব পালন ও তথ্য আদান-প্রদানের সুবিধার্থে প্রতিজন গ্রাম পুলিশ সদস্যকে মাসিক মোবাইল খরচ বাবদ ১৫০ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি থানায় নিয়মিত সাপ্তাহিক হাজিরা দেওয়ার যাতায়াত ভাড়াও বাড়ানো হয়েছে। বর্তমানে সাপ্তাহিক যাতায়াত ভাড়া ৩০০ টাকা থাকলেও তা ২০০ টাকা বাড়িয়ে সাধারণ সদস্যদের জন্য ৫০০ টাকা এবং গ্রাম পুলিশ প্রধানদের জন্য ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।মহাসমাবেশে আরো জানানো হয়, গ্রামীণ নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়নের লক্ষ্যে দেশের প্রতিটি ইউনিয়নে নতুন করে দুজন করে নারী গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হবে এবং নারী সদস্যদের মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে ৬ মাস করা হয়েছে। পাশাপাশি কাজের সুবিধার্থে প্রতি ৫ বছরের পরিবর্তে এখন থেকে ৩ থেকে সাড়ে ৩ বছর পর পর নতুন বাইসাইকেল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।