আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের উপকণ্ঠে একটি এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার ভোরের আগে স্থানীয় সময় রাত ৩টার দিকে আলজিয়ার্সের পূর্বাঞ্চলের মোহাম্মাদিয়া জেলার একটি শিশু পরিচর্যা কেন্দ্রে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে দমকল বাহিনী।
কয়েক ঘণ্টা পরও আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছিলেন দমকলকর্মীরা। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। উদ্ধারকারীরা অভিযান চলাকালে বিশেষ চাহিদাসম্পন্ন পাঁচ শিশুকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন।
নিহতদের বয়স বা পরিচয় এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় টেলিভিশনের প্রচারিত ফুটেজে দেখা যায়, আলজেরিয়ার প্রধানমন্ত্রী সিফি গরিব হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন।
এদিকে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহে বিপর্যস্ত আলজেরিয়ায় গত এক সপ্তাহে প্রায় এক হাজার দাবানল ছড়িয়ে পড়েছে। এতে আগে থেকেই চাপে থাকা জরুরি সেবা কার্যক্রম আরও সংকটের মুখে পড়েছে।
Read this report in English · ইংরেজি সংস্করণ
