আমরা যুদ্ধ শুরু করিনি তাই আগ্রাসন মেনে নেব না

ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবনে রেজা। ছবি: আইআরআইবি

প্রতিবেদন:

·

ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী সৈয়দ মজিদ ইবনে আল-রেজা বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনী কখনো কোনো যুদ্ধ শুরু করেনি। তবে ইরানের স্বাধীনতা, ভূখণ্ড ও নিরাপত্তার ওপর কোনো ধরনের সামরিক আগ্রাসন মেনে নেওয়া হবে না।

শুক্রবার (২১ আগস্ট) তেহরানের ইমাম খোমেনি মুসাল্লায় জুমার নামাজের আগে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ইরানিদের ভাষায় ‘রমজান যুদ্ধ’ নামে পরিচিত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে সর্বশেষ সংঘাতে দেশটি আগের ১২ দিনের যুদ্ধের তুলনায় অনেক বেশি শক্তিশালী অবস্থান থেকে প্রবেশ করেছে বলে দাবি করেন ইবনে আল-রেজা।

তিনি বলেন, সর্বশেষ যুদ্ধ ইরানের জন্য একটি কঠিন পরীক্ষা ছিল। এতে দেশটি প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়লেও জাতীয় আত্মবিশ্বাসের শক্তি প্রদর্শন করেছে।

ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই যুদ্ধ দেখিয়েছে যে নিজেদের সক্ষমতার ওপর আস্থা রেখে, তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে, বিজ্ঞান ও প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে এবং ঐক্যবদ্ধ থাকলে ইরানি জনগণ যেকোনো হুমকি মোকাবিলা করতে পারে।

তিনি আরও দাবি করেন, পরবর্তী সংঘাতে শত্রুর ঘাঁটিতে প্রবেশ, আঞ্চলিক গতিবিধি পর্যবেক্ষণ এবং আরও বেশি ক্ষয়ক্ষতি ঘটানোর সক্ষমতা ইরানের বেড়েছে। একই সঙ্গে কৌশল ও প্রযুক্তির ক্ষেত্রে ইরানের ‘চমক’ আরও উন্নত হয়েছে।

ইবনে আল-রেজা বলেন, ইরানের বর্তমান প্রতিরক্ষা সক্ষমতা যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ ও আগ্রাসন ঠেকানোর জন্য।

তিনি বলেন, আমরা কখনো কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসন শুরু করিনি এবং ভবিষ্যতেও করব না। তবে ইরানের ভূখণ্ড, স্বাধীনতা ও নিরাপত্তার বিরুদ্ধে সামরিক আগ্রাসনের কোনো চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।

Read this report in English · ইংরেজি সংস্করণ