অসুস্থতার ভানকরে পালালেন ১৭ বন্দি

প্রতিবেদন:

·

, ,

ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি উপকারাগারে অসুস্থতার খবর দিয়ে কারারক্ষীদের সেলের কাছে ডেকে তাদের ওপর হামলার পর ১৭ বন্দি পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন কারারক্ষী আহত হয়েছেন। পলাতক বন্দিদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল পর্যন্ত চারজনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।

সোমবার রাতে রাজ্যের থেনি জেলার একটি উপকারাগারে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া ১৭ বন্দিকে একই সেলে রাখা হয়েছিল। তাদের একজন অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পেয়ে কারারক্ষীরা সেলের কাছে যান। এ সময় বন্দিরা তাদের ওপর হামলা চালিয়ে পালিয়ে যান বলে অভিযোগ।

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অসুস্থতার খবরটি বন্দিদের পালানোর পরিকল্পনার অংশ হতে পারে। কারারক্ষীদের সেলের কাছে নিয়ে গিয়ে তাদের ওপর হামলা চালানোর পরিকল্পনা আগে থেকেই করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

হামলায় এক কারারক্ষী মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুই কারারক্ষীও আহত হয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর নয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এদিকে ঘটনার পরপরই পলাতক বন্দিদের গ্রেপ্তারে তল্লাশি শুরু করে পুলিশ। এ জন্য ১৭টি বিশেষ দল গঠন করা হয়েছে। আশপাশের জেলাগুলোতেও সতর্কতা জারি করা হয়েছে। দিন্ডিগুল জেলার ১৬টি স্থানে যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। বিভিন্ন সড়কে বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি।

এ ছাড়া মাদুরাই ও দিন্ডিগুল জেলার পাশাপাশি প্রতিবেশী রাজ্য কেরালার ইদুক্কি জেলার পুলিশকেও সতর্ক করা হয়েছে। পলাতক বন্দিদের ছবি বিভিন্ন পুলিশ কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে, যাতে তাদের দ্রুত শনাক্ত করা যায়।

ঘটনার পর প্রাথমিক প্রতিবেদনে একজনকে গ্রেপ্তারের কথা জানানো হলেও মঙ্গলবার সকালে সর্বশেষ তথ্যে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে চার হয়েছে। তবে বাকি বন্দিরা কোথায় পালিয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।