হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

প্রতিবেদন:

·

স্বস্থ্য ডেস্ক:

হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৪ শিশু মারা গেছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৫ শিশু। এতে গত সাড়ে তিন মাসে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১৬ জনে।

সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে সোমবার (২৯ জুন) সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ১৪৫ শিশুর মধ্যে ১৪১ জনের হাম শনাক্ত হয়েছে। বাকি ১ হাজার ৪ জন হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে। এ নিয়ে গত প্রায় সাড়ে তিন মাসে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১২ হাজার ৬২।

সবশেষ মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজন ঢাকার, একজন সিলেটের এবং একজন ময়মনসিংহের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ২১১ শিশুর। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৮৫১ শিশুর।

এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩ হাজার ৮০৬ শিশু। তাদের মধ্যে ৮০ হাজার ১৯৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৬২ শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ৪১ জন।

Read this report in English · ইংরেজি সংস্করণ