এল নিনোর প্রভাবে খরা, পানামা খালে জাহাজ চলাচল কমছে

প্রতিবেদন:

·

এল নিনোর প্রভাবে সৃষ্ট খরার কারণে আগামী মাস থেকে পানামা খাল দিয়ে জাহাজ চলাচলের সংখ্যা কমিয়ে দেবে কর্তৃপক্ষ। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করা কৌশলগত জলপথটির পরিচালনাকারী সংস্থা এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার পানামা খাল কর্তৃপক্ষ জানায়, পানির যোগান দেওয়া দুটি কৃত্রিম হ্রদে পানির স্তর কমে গেছে। এ কারণে ৩ সেপ্টেম্বর থেকে প্রতিদিন ৩৬টির বদলে ৩৪টি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে। ১৫ সেপ্টেম্বর থেকে এ সংখ্যা কমিয়ে ৩২ করা হবে।

এল নিনোর প্রভাবে মধ্য আমেরিকাজুড়ে খরা দেখা দিয়েছে। পানামা খাল এলাকায় মে থেকে আগস্ট পর্যন্ত স্বাভাবিক গড়ের তুলনায় বৃষ্টিপাত ৩৪ শতাংশ কমেছে। যা আরও কমার আশঙ্কা করা হচ্ছে।

বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের ৫ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের কনটেইনার পরিবহনের প্রায় ৪০ শতাংশ পানামা খাল দিয়ে হয়। ২০২৩ সালেও খালের পানির যোগান দেওয়া হ্রদগুলোতে পানির স্তর কমে গিয়েছিল। সে সময় প্রতিদিন জাহাজ চলাচলের সংখ্যা ৩৮ থেকে ২২-এ নেমেছিল।

খাল কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান পরিস্থিতির কারণে আগে থেকে বুকিং না নেওয়া জাহাজগুলো পারাপারে অপেক্ষার সময় বাড়বে। সাধারণত খাল ব্যবহারকারী প্রতি ১০টি জাহাজের মধ্যে ৯টিই আগে থেকে বুকিং দেয়। বাকি স্লটগুলো বরাদ্দ হয় নিলামের মাধ্যমে।

ইরান যুদ্ধের আগে এসব নিলামে জয়ী হওয়ার গড় দর ছিল ১ লাখ ৩৫ হাজার ডলার। গত এপ্রিলে খালটি ব্যবহারের জন্য একটি জাহাজ কোম্পানি ৪০ লাখ ডলার পর্যন্ত দর দিয়েছিল। যুক্তরাষ্ট্রের নির্মিত এই খালের প্রধান ব্যবহারকারীদের মধ্যে আরও আছে চীন, জাপান, চিলি ও দক্ষিণ কোরিয়া।

Read this report in English · ইংরেজি সংস্করণ