সেন্ট্রাল ইউনিভার্সিটি

  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেটে ৩ অধ্যাপক

    ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেটে ৩ অধ্যাপক

    শিক্ষা ডেস্ক:

    ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তিন অধ্যাপককে নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

    সোমবার (২৮ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো.সুলতান আহমেদ স্বাক্ষরিত সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপনে মনোনয়ন দেওয়া হয়।

    ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান ও জাবির ফার্মেসি বিভাগের অধ্যাপক ও ট্রেজারার মো. সোহেল রানাকে ‘বিশিষ্ট অধ্যাপক’ হিসেবে এবং জাবির ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খানকে ‘প্রথিতযশা ব্যক্তি’ ক্যাটাগরিতে মনোনয়ন দেওয়া হয়েছে।

    রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬-এর ২৪(১)(ঘ) ও (ঙ) এবং ২৪(৩) ধারা অনুযায়ী তাদের দুই বছরের জন্য সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

    শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারার বিধান অনুযায়ী তাদের এ মনোনয়ন দেওয়া হয়েছে। আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে আচার্য কর্তৃক মনোনীত দুজন বিশিষ্ট অধ্যাপক এবং একজন প্রথিতযশা ব্যক্তি সদস্য হিসেবে থাকবেন।

    আইন অনুযায়ী, সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নির্বাহী কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের কার্যাবলি, আর্থিক বিষয়াবলি ও সম্পত্তির সাধারণ ব্যবস্থাপনা এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের ওপর তত্ত্বাবধানের ক্ষমতা সিন্ডিকেটের রয়েছে।

    শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও জানানো হয়, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশের অনুলিপি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য, রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

    প্রসঙ্গত, দেশের ৫তম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর সরকারি সাতটি কলেজকে সংযুক্ত করে গঠিত হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। নবগঠিত এই বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো সিন্ডিকেট সদস্য নিয়োগ দিয়েছে সরকার।