সার ডিলার

  • যশোরে সার ডিলার নিয়োগ বাতিলের দাবি পাঁচ এমপির

    যশোরে সার ডিলার নিয়োগ বাতিলের দাবি পাঁচ এমপির

    চৌগাছা (যশোর) প্রতিনিধি

    যশোরের ৯৩টি ইউনিয়ন ও আটটি পৌরসভায় সার ডিলার নিয়োগে দলীয়করণ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন জেলার পাঁচটি সংসদীয় আসনের বিরোধীদলীয় সংসদ সদস্যরা। তাঁদের দাবি, রাজনৈতিক পরিচয় ও অবৈধ লেনদেনের মাধ্যমে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের ডিলারশিপ দেওয়া হয়েছে। এ অবস্থায় বিতর্কিত নিয়োগ বাতিল, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং সরকারি নীতিমালা অনুসরণ করে যোগ্য ব্যবসায়ীদের ডিলার নিয়োগের দাবি জানিয়েছেন তাঁরা।

    আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে পাঁচ সংসদ সদস্যের পক্ষে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির ও যশোর-৪ (বাঘারপাড়া- অভয়নগর) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।

    লিখিত বক্তব্যে তিনি বলেন, যশোরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিরোধীদলীয় সংসদ সদস্য থাকলেও সার ডিলার নিয়োগে তাঁদের পরামর্শ ও সুপারিশ যথাযথভাবে বিবেচনা করা হয়নি। অভিযোগ অনুযায়ী, জেলা প্রশাসক সরকারদলীয় ব্যক্তিদের দেওয়া তালিকা চূড়ান্ত করে কৃষি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। এ ক্ষেত্রে প্রার্থীদের সততা, দক্ষতা, পেশাদারিত্ব ও কৃষির সঙ্গে সম্পৃক্ততার পরিবর্তে রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়েছে।

    সংসদ সদস্যদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কৃষি উপকরণের ব্যবসার সঙ্গে যুক্ত প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে রাজনৈতিক প্রভাব ও অর্থের বিনিময়ে অনেককে ডিলারশিপ দেওয়া হয়েছে। এমনকি একাধিক ফৌজদারি মামলার আসামি, মাদক কারবারে আটকের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির স্ত্রী এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীও ডিলারশিপ পেয়েছেন বলে দাবি করেন তাঁরা।

    সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যাপক গোলাম রসুল কয়েকজন ডিলারের নাম উল্লেখ করে তাঁদের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, বাঘারপাড়া উপজেলার বাসুয়ারী ইউনিয়নের হাবিবুর ট্রেডার্সের স্বত্বাধিকারী হাবিবুর রহমানের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ব্যাংক ডাকাতি ও প্রতারণা সংক্রান্ত মামলা রয়েছে। এমন ব্যক্তিকে ডিলার নিয়োগ দেওয়ার বিষয়টি তদন্ত করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

    এ ছাড়া মনিরামপুর পৌরসভার নাফিজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাসুদ পারভেজ রুবেলের নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। তাঁর দাবি, রুবেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির ছেলে। একই উপজেলার শ্যামকুড় ইউনিয়নের আওয়ামী লীগ-সংশ্লিষ্ট সালাউদ্দীনের ডিলারশিপ পাওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি।

    তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ডিলার, প্রশাসন ও কৃষি বিভাগ কোনো বক্তব্য যোগ করা হয়নি।

    সার ডিলার নিয়োগের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের সার ও বীজ মনিটরিং কমিটি গঠন নিয়েও আপত্তি জানিয়েছেন সংসদ সদস্যরা। তাঁদের অভিযোগ, সংশ্লিষ্ট সংসদ সদস্যদের পরামর্শ ও সুপারিশ উপেক্ষা করে এসব কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কৃষক, ব্যবসায়ী ও সামাজিক প্রতিনিধিদের যথাযথভাবে অন্তর্ভুক্ত না করে জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের স্থান দেওয়া হয়েছে বলে দাবি তাঁদের।

    সংসদ সদস্যরা বলেন, সার ও বীজের সরবরাহ, বিতরণ, বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং কৃষকদের স্বার্থ রক্ষায় এসব কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কমিটি গঠনে রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে কৃষি খাতের সঙ্গে সংশ্লিষ্টতা, অভিজ্ঞতা ও যোগ্যতাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

    তাঁদের মতে, সার ডিলার নিয়োগ ও মনিটরিং কমিটি গঠনে স্বচ্ছতা নিশ্চিত করা না হলে কৃষি উপকরণ বিতরণে অনিয়মের সুযোগ তৈরি হতে পারে। এতে প্রকৃত কৃষক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

    সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কৃষি উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ সার। তাই কৃষকদের কাছে সময়মতো ও ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে ডিলার নিয়োগে সততা, অভিজ্ঞতা ও পেশাদারিত্ব নিশ্চিত করা জরুরি। তাঁরা সার ডিলার নিয়োগে কথিত দলীয়করণ ও দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আজিজুর রহমান, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিন ফরিদ, যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য মোক্তার আলী, জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর, সহসেক্রেটারি গোলাম কুদ্দুস, জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাসসহ দলীয় নেতারা।

  • সারে বস্তাপ্রতি ২০০ টাকা কমিশন চান ডিলাররা, নতুন ডিলার নিয়োগ স্থগিতের দাবি বিএফএর

    সারে বস্তাপ্রতি ২০০ টাকা কমিশন চান ডিলাররা, নতুন ডিলার নিয়োগ স্থগিতের দাবি বিএফএর

    বস্তাপ্রতি সারের বিক্রয় কমিশন ১০০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করা এবং নতুন সার ডিলার নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)।

    আজ সোমবার রাজধানীর পুরানা পল্টনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির চেয়ারম্যান মো. মোশারফ হোসেন।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৮ বছর ধরে বস্তাপ্রতি সারের বিক্রয় কমিশন বৃদ্ধির দাবি জানানো হলেও তা কার্যকর হয়নি। এ সময়ে জ্বালানি তেলের দামসহ পরিবহন ব্যয় এবং দ্রব্যমূল্য কয়েক দফা বেড়েছে। ফলে সার ডিলারদের ব্যবসায়িক ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

    বিএফএর চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, ২০০৮ সালে বস্তাপ্রতি পরিবহন খরচ ও বিক্রয় কমিশন মিলিয়ে ১০০ টাকা থাকায় পরিবহন ও অন্যান্য খরচ বাদ দিয়ে ডিলাররা বস্তাপ্রতি প্রায় ২৫ থেকে ৩০ টাকা কমিশন পেতেন। বর্তমানে একই ব্যবস্থায় বস্তাপ্রতি প্রায় ৫০ থেকে ৫৫ টাকা লোকসান হচ্ছে বলে দাবি করেন তিনি।

    তিনি বলেন, সরকার বস্তাপ্রতি কমিশন ৫০ টাকা বাড়িয়েছে। তবে এ সিদ্ধান্ত ২০২৭ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এতে ডিলারদের কমিশন ‘না লাভ, না ক্ষতি’ পর্যায়ে পৌঁছাবে। তাই ডিলারদের টিকে থাকার স্বার্থে বস্তাপ্রতি কমিশন আরও ১০০ টাকা বাড়িয়ে ২০০ টাকা করার দাবি জানানো হয়েছে।

    মোশারফ হোসেন বলেন, কমিশন না বাড়ালে ডিলাররা ধীরে ধীরে এ ব্যবসার প্রতি আগ্রহ হারাতে পারেন। এতে কৃষক পর্যায়ে সার সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি দীর্ঘদিনের ডিলারদের ব্যবসায় টিকে থাকার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

    সংবাদ সম্মেলনে সার ডিলার নিয়োগ নীতিমালা-২০২৬ নিয়েও আপত্তি জানানো হয়। বিএফএর পক্ষ থেকে বলা হয়, নীতিমালার বিভিন্ন ধারায় অসংলগ্নতা, অসাংবিধানিকতা ও স্ববিরোধিতা রয়েছে। এসব বিষয়ে গত ২ সেপ্টেম্বর সংগঠনের পক্ষ থেকে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে।

    বিএফএর দাবি, ওই রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত সংশ্লিষ্ট বিষয়গুলো আইনগতভাবে নিষ্পত্তির জন্য ৬০ দিনের রুল জারি করেছেন। তবে আদালতের রুল জারির পরও দেশের বিভিন্ন জেলায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাধ্যমে নতুন ডিলার নিয়োগের কার্যক্রম চলমান বলে অভিযোগ করেছে সংগঠনটি।

    সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, নীতিমালার বিতর্কিত ধারাগুলো স্পষ্ট করার বিষয়ে কৃষি মন্ত্রণালয় এখনো বিএফএর সঙ্গে কোনো উদ্যোগ নেয়নি। এ অবস্থায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী থাকতে হবে বলেও বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে সতর্ক করা হয়।