সংঘর্ষে

  • মোটরসাইকেলের সংঘর্ষে ৩ তরুণ নিহত

    মোটরসাইকেলের সংঘর্ষে ৩ তরুণ নিহত

    যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—যশোর সদর উপজেলার মন্ডলগাতি গ্রামের শামীম হোসেনের ছেলে সিয়াম হোসেন (১৮), যশোর শহরের বেজপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে জয় (১৮) এবং একই এলাকার আব্দুল কাদেরের ছেলে ওমর আলী (১৭)।

    আহত ব্যক্তিরা হলেন—যশোর শহরের বেজপাড়া এলাকার মতিয়ার রহমানের ছেলে রোহান (১৯) এবং যশোর সদর উপজেলার মন্ডলগাতি গ্রামের রুহুল আমিনের ছেলে রিফাত (১৭)।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নতুনহাট বাজার এলাকায় মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আহত হন দুজন। পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে গভীর রাতে মোটরসাইকেল আরোহীরা কী কারণে মহাসড়কে চলাচল করছিলেন, তা স্থানীয়রা বা পুলিশ নিশ্চিত করতে পারেনি।

    যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই ওই তিন তরুণের মৃত্যু হয়েছে। আহত দুজনকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।