শিক্ষাপ্রতিষ্ঠানে তালা

  • শিক্ষাপ্রতিষ্ঠানে তালা-সড়কে আ/গু/ন, নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ জন আ/টক

    শিক্ষাপ্রতিষ্ঠানে তালা-সড়কে আ/গু/ন, নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ জন আ/টক

    নোয়াখালীতে জয় বাংলা স্লোগান দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা, সড়ক ও রেললাইনসহ বিভিন্নস্থানে আগুন জ্বালিয়ে নাশকতার চেষ্টা করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এর জেরে রাতভর অভিযান চালিয়ে সংগঠনটির ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

    মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিনের পক্ষ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    জানা গেছে, ছাত্রলীগের কর্মসূচি ঘিরে সোমবার (৯ নভেম্বর) মধ্যরাতে সোনাইমুড়ী রেললাইনে আগুন, সড়কে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা দেওয়ার ঘটনা ঘটে। তবে মঙ্গলবার ভোর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এসব ঘটনায় কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

    সূত্র জানায়, সোনাইমুড়ী উপজেলার চাষীরহাট ইউনিয়নের রতি নামক স্থানে রেললাইনে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজ, নামদিয়া পাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ডিগ্রি কলেজ ও সোনাইমুড়ী সরকারি ডিগ্রি কলেজের প্রধান ফটকে তালা দেওয়া হয়। রাজনীতি নিষিদ্ধ ছাত্রলীগ ঘোষিত কর্মসূচি ও ধর্মঘট সফল করার উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হয়েছে বলে জানা গেছে।

    এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলায় ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেওয়ার খবর পাওয়া গেছে।

    তবে রেললাইনে অগ্নিসংযোগের বিষয়টি অস্বীকার করেছেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন। তিনি বলেন, সোনাইমুড়ীতে রেললাইনে অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি। আমরা রাতভর দায়িত্ব পালন করেছি। কোথাও এমন ঘটনা আমাদের নজরে আসেনি। তবে লাকসামের দিকে এমন কিছু ঘটে থাকতে পারে। সেটি আমাদের সীমান্তবর্তী এলাকা। এ বিষয়ে সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।

    জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, রাজনীতি নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকাতে অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সংগঠনটির ১৬ সদস্যকে আটক করা হয়েছে। মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় আমাদের আইনি উদ্যোগ অব্যাহত থাকবে।